দেশেই হবে পলিস্টার সুতার কাঁচামাল
দেশে প্রথমবারের মতো পলিস্টার সুতার কাঁচামাল উৎপাদনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কেইমটেক্স গ্রুপের সঙ্গে চুক্তি করেছে দেশবন্ধু গ্রুপ; এই চুক্তি অনুসারে কাজ হলে হাজার কোটি টাকার পণ্য আমদানি করতে হবে না বলে উদ্যোক্তরা জানিয়েছেন।
শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে বর্তমান গার্মেন্টের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) শতভাগ আমদানি করতে হচ্ছে।
এই সুতা তৈরির কাঁচামাল উৎপাদনের কারখানা স্থাপন করতে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ।
তিনি বলেন, “চুক্তি অনুযায়ী কাজ হলে নতুন এ প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার কাঁচামাল আমদানি বন্ধ হবে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। একইসঙ্গে সৃষ্টি হবে ছয় হাজার লোকের কর্মসংস্থান।”
কেইমটেক্স গ্রুপের চেয়ারম্যান সিন ম বলেন, “শিল্প বিপ্লবে চীনের পরেই উদীয়মান দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। তাছাড়া কেইমটেক্স বিশ্ববিখ্যাত প্রযুক্তি সহায়তাকারী একটি প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কেইমটেক্সের যোগাযোগ রয়েছে। নতুন করে বাংলাদেশের প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের সঙ্গে আরো একটি মৌলিক চুক্তি হলো। এতে আশা করি উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে।”
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটে দেশবন্ধু ফাইবার লিমিটেড স্থাপন প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। প্রায় ৩০ একর জমির উপর এটি স্থাপন করা হচ্ছে।
“এক হাজার কোটি টাকা ব্যয়ে গৃহীত প্রকল্পটি আগামী ২ বছরের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। প্রকল্পটির মাধ্যমে প্রত্যক্ষভাবে দুই হাজার এবং পরোক্ষভাবে ন্যূনতম আরও ছয় হাজার লোকের কর্মসস্থান হবে।”
দেশবন্ধু গ্রপের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা এমএ বশির আহম্মেদ জানান, পলিস্টার স্ট্যাপল ফাইবার দেশের স্পিনিং মিলগুলোর প্রধান কাঁচামাল। বর্তমানে এর বার্ষিক চাহিদা প্রায় ৩ লাখ মেট্রিক টন এবং প্রতি বছর এ চাহিদা ১২ থেকে ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
“বর্তমানে দেশের স্পিনিং মিলগুলোতে ব্যবহৃত পিএসএফের শতভাগ আমদানি করতে হয়। এ খাতে আমদানি বাবদ বছরে প্রায় ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় তিন হাজার ৮৮০ কোটি টাকা খরচ হয়।
“এ প্রকল্প পুরোদমে চালু হলে বছরে এক লাখ ২০ হাজার মেট্রিক টন পিএসএফ উৎপাদন সম্ভব হবে। এ উৎপাদন থেকে দেশের স্পিনিং মিলগুলোর শতকরা ৪০ ভাগ চাহিদা যোগান দেওয়া সম্ভব। তাছাড়া এ পিএসএফ আমদানি করতে যে খরচ হয় তা দেশে উৎপাদিত ফাইবারে তার থেকে ২০ ভাগ খরচ কমে আসবে।”
