২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল দিয়ে বন্ধ ভারতে পাট রপ্তানি

ভারত সরকার তাদের পাট আমদানিকারকদের ওপর আমদানির ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করায় বাংলাদেশ থেকে ভারতে পাট ও পাটজাত দ্রব্য নেওয়া বন্ধ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 10:05 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

ভারতের টেক্সটাইল মন্ত্রণালয়ের জুট কমিশনারের কার্যালয়ের জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন হাতে পেয়ে শনিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে কোনো পাট বা পাটজাত দ্রব্যের ট্রাক ছাড় করেনি ওপারে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ শনিবার সকাল থেকে পাট ও পাটজাত পণ্যের ট্রাক গ্রহণ না করলেও রপ্তানি বন্ধ সংক্রান্ত কোনো চিঠি এখনও পাননি বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এতে বন্দর এলাকায় দুই শতাধিক পাটের ট্রাক আটকা পড়েছে।”

খুলনার অন্যতম পাট রপ্তানিকারক ঢাকা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান বলেন, “খুলনার পাট রপ্তানিকারকদের শতাধিক ট্রাক পাটজাত পণ্য নিয়ে বেনাপোলে আটকা পড়ে রয়েছে। অনেক রপ্তানিকারক ট্রাক ডেমারেজের ভয়ে পাটবোঝাই ট্রাক ফেরত নিয়ে যাচ্ছেন।”

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ সেপ্টেম্বর তাদের জুট কমিশনারের কার্যালয়ের জারি করা প্রজ্ঞাপনের কপি বৃহস্পতিবার বিকালে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষের হাতে পায়। এরপর শনিবার থেকে পাটের ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। ”

ওই প্রজ্ঞাপনে ভারতীয় আমদানিকারকদের নতুন ফরমেট করা ফরম দিয়ে নতুনভাবে রেজিস্ট্রেশন নিতে বলা হয়েছে।

কার্তিকের দাবি, “সব আমদানিকারকের আগে থেকেই আমদানি-রপ্তানি লাইসেন্স রয়েছে। তার পরও ওই প্রজ্ঞাপনে প্রতি চালান আমদানির আগে জুট কমিশনারের কার্যালয় থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে বলা হয়েছে।”