২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দেশে ওয়্যার হাউজ করা হবে: মুহিত

রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ১২ দেশে রপ্তানি বাড়াতে ওই অঞ্চলে ‘ওয়্যার হাউজ’ স্থাপন করবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:52 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

শনিবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

‘থার্ড ফ্রন্ট অফ বাংলাদেশ এক্সপোর্ট ডেসটিনেশন রাশিয়া অ্যান্ড আদার সিআইএস কান্ট্রিজ’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী।

কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেইট (সিআইএস) রাশিয়া, ইউক্রেইন, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান, জর্জিয়া ও উজবেকিস্তানে রপ্তানি বাড়াতে করণীয় নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট ও সিআইএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “২০০৯ সালে ইউরোপ আমেরিকায় মন্দা শুরু হলে প্রথম বুঝতে পারি আমরা ইউরোপ-আমেরকিা নির্ভর রপ্তানিকারক। এরপর থেকে বিভিন্ন তৎপরতায় জাপান, চীন ও ভারতসহ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আমাদের রপ্তানি বাড়ছে।”

“তবে আমাদের কোথাও কোনো ওয়্যার হাউজ নেই। তাই নতুন অঞ্চলে একটি ওয়্যার হাউজ নির্মাণ করতে চাই। এ বিষয়ে ব্যবসায়ীরা আমাকে পরামর্শ দেবেন, কোথায় হলে ভালো হয়।”

এসময় অর্থমন্ত্রী নতুন পণ্য রপ্তানিতে ভর্তুকি দেওয়া হবে বলেও ব্যবসায়ীদের অবহিত করেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) উপর নির্ভরশীল না থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে আলোচনা করে বাণিজ্য বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, “এটা অনেক বেশি কার্য়কর হবে।”

এসময় তিনি গভর্নর আতিউর রহমানের ইংল্যান্ডে রোড-শো করা নিয়েও প্রশ্ন তোলেন।

তোফায়েল বলেন, “যখন নিজের দেশের কোম্পানিকেই তাদের চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না, তখন অন্য দেশে গিয়ে বিনিয়োগ টানার জন্য রোড শো করার কি মানে?”

বিদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশর অন্যতম সমস্যা হিসেবে অতিরিক্ত ব্যাংক সুদ হারের কথা বলেন অর্থসচিব মাহবুব আহমেদ।

তিনি বলেন, “এতো বেশি সুদে এলসি খুলতে বিদেশিরা অনাগ্রহ দেখান।”

পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, “আমরা ইতোমধ্যে অনেক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে দেরি করে ফেলেছি। আগামী ১৫ সেপ্টম্বর রাশিয়ার সঙ্গে চুক্তি করতে প্রতিনিধি দল রাশিয়া যাচ্ছে।”

নতুন বাজারে নতুন পণ্য বিশেষ করে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ১০ শতাংশ পর্যন্ত কর ভর্তুকি দেওয়া হচ্ছে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশিষ বোস।