মরিচের ‘ঝাল’ কমেছে, সবজি চড়া
বেশিরভাগ সবজির দামে চড়াভাব রয়ে গেলেও সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের ‘ঝাল’। বেশ কিছুদিন ধরে বাজারে এই পণ্যটির দাম ছিল ঊর্ধ্বমুখী।
শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি উভয় ধরনের কাঁচামরিচের দর কেজিতে কমেছে গড়ে পঞ্চাশ টাকা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে প্রচুর কাঁচামরিচ আমদানি হওয়ায় পণ্যটির দাম কমেছে; আশা করছেন দাম আরও কমবে।
কারওয়ান বাজারে গত সপ্তাহে দেশি মরিচ ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হলেও শুক্রবার তা কমে ১৮০ থেকে ২০০ টাকায় নেমে এসেছে।
আর ভারত থেকে আমদানি করা মরিচের দর দেখা গেছে ১১০ থেকে ১৫০ টাকা। খুচরা বাজারে এই জাতের মরিচই বেশি মিলছে।
কারওয়ান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় কাঁচা মরিচের সরবরাহ কমে দাম বেড়েছিলো। এখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। ফলে দাম কমে এসেছে। আশা করা যাচ্ছে দাম আরও কমবে।”
একইসঙ্গে বাজারে ব্রয়লার মুরগি, পাম অয়েল ও ডিমের দাম কমেছে।
কারওয়ান বাজার, ফকিরেরপুল, গোপীবাগ, মুগদা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
আর ডিমের হালি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা দরে; গত সপ্তাহে ছিল ৩৬ টাকা।
খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা লিটার। এই পাম অয়েল গত শুক্রবার ৬৫ থেকে ৬৮ টাকা দরে বিক্রি হয়েছে। আর সুপার পাম অয়েল বিক্রি হয়েছে ৬৬ থেকে ৬৮ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭২ টাকা দরে।
তবে অন্যান্য সবজির দামের উত্তাপ এখনও রয়ে গেছে কাঁচাবাজারে।
বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, মুখিকচু ৪০ টাকা, কাঁচকলা প্রতি হালি ২৫ থেকে ৩০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, টমোটো ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গত এক মাস ধরে এসব সবজি প্রায় এই দামেই বিক্রি হচ্ছে।
এদিকে কৃষি বিপণন অধিদপ্তর কোরবানির ঈদের আগে মসলা জাতীয় পণ্যসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য জেলা টাস্কফোর্স কমিটিকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছেন।
কোরবানির ঈদের আগে সাধারণত পেয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, জিরা, তেজপাতা, হলুদ, ভোজ্যতেল ও গরম মসলার চাহিদা বাড়ে।
বর্তমানে দেশি রসুন ৮০ থেকে ৯০ টাকা, আমদানি করা রসুন ১০০ থেকে ১২০ টাকা, আমদানি করা শুকনো মরিচ ১৬০ থেকে ১৮০, দেশি শুকনো মরিচ ১৩০ থেকে ১৫০ টাকা, আদা ১২০ থেকে ১৬০ টাকা, হলুদ ১৪০ থেকে ১৮০ টাকা, জিরা ৩৫০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
