চট্টগ্রামে কমেনি সবজির দাম
অগাস্টের শুরু থেকে চট্টগ্রামে চড়তে থাকা বাজারে শাক-সবজির দাম কমছে না। এজন্য শীতের সবজি আসা পর্যন্ত অপেক্ষার কথা বলছেন ব্যবসায়ীরা।
শুক্রবার নগরীর বৃহত্তম পাইকারি কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারে শাক-সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হতে দেখা গেছে। মাছের দামেও তেমন হেরফের দেখা যায়নি।
রিয়াজউদ্দিন বাজারের মেসার্স আবদুর রাজ্জাক বাণিজ্যালয়ের কর্মকর্তা কাজল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরবঙ্গে বন্যার কারণে সবজি ক্ষেত নষ্ট হওয়ার সারাদেশে এর প্রভাব পড়েছে।
“মাস দেড়েকের মধ্যে সবজির দাম কমে যাবে। তবে সেজন্য শীতের সবজি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
অন্যদিকে চট্টগ্রামেও আগস্টের শুরু থেকে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষেতে নতুন করে লাগানো সবজি এখনও বাজারে আসেনি। সবজির দাম না কমার পিছনে এটাও একটা কারণ বলে মনে করছেন তিনি।
রিয়াজউদ্দিন বাজারে গত সপ্তাহের দামেই প্রায় সব ধরনের সবজি বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হওয়া বরবটি শুক্রবারেও একই দামে বিক্রি হচ্ছে।
কেজি প্রতি বেগুন ৬০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ সবজিগুলো গত সপ্তাহেও এসব সবজির একই দাম ছিল।
শিমের কেজি আগের মতই ১২০ টাকা, টমেটো কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হয় এদিন।
বাজারে নতুন এসেছে লাল শাক ও পুঁই গোটা। মাঝারি আকারের এক আঁটি লালশাক ৩০ টাকায় এবং প্রতি কেজি পুঁই গোটা ৮০ টাকা দরে বিক্রি হয়।
এছাড়া প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর ছড়া ৩০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ২৫ টাকা কেজি দরে বিক্রি হয়।
গত প্রায় দেড় মাস ধরে মাছের দাম একই রকম রয়েছে।
শুক্রবার প্রতি কেজি লইট্টা মাছ ৮০ টাকা, ছোট আকারের রুই মাছ ১৮০ টাকা এবং মিয়ানমার থেকে আসা রুই মাছ ২২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
এছাড়া সমু্দ্রের সাদা চিংড়ি কেজিপ্রতি ২২০ টাকা ও গলদা চিংড়ি ৪২০ টাকায়, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়।
ব্রয়লার মুরগির দামেও কোনো হেরফের হয়নি। গত সপ্তাহের দাম কেজি প্রতি ১৩০ থেকে ১৩৫ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ব্রয়লার মুরগি।
গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়।
