২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকের আয়কর : ৪ কিস্তিতে ২১৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ

গত ১২ করবর্ষের জন্য ট্রেক্সাস আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪২৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৫০৭ টাকা প্রদেয় আয়করের অর্ধেক পরিমাণ অর্থ এক বছরের মধ্যে চারটি সমান কিস্তিতে পরিশোধ করতে বাংলাদেশ রুর‌্যাল এডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 02:09 AM

Updated : 22 Aug 2022, 01:12 PM

এ হিসেবে ২১৩ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডকে দিতে হবে এই এনজিওটিকে।

ব্র্যাকের আয়কর বিষয়ে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে কমিশনার অব  ট্যাক্সেস (জোন-৫) করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।  

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। আর ব্র্যাকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান।

আদেশের পর রাশেদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ষষ্ঠ তফসিলের পার্ট-এ এর প্যারা ১ ও ২ অনুসারে কর অব্যাহতিযোগ্য সুবিধা প্রদানের পর ১২ বছরের জন্য আপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক ব্র্যাকের প্রদেয় আয়কর ৪২৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৫০৭ টাকা নির্ধারিত হয়।হাই কোর্ট রায়ে বলেছিল ওই আয়কর অব্যাহতিযোগ্য। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। 

“আপিল বিভাগ লিভ মঞ্জুর করেছেন। এক বছরের মধ্যে চারটি সমান কিস্তিতে ওই আয়করের অর্ধেক ২১৩ কোটি টাকা প্রদান করতে বলেছেন। লিভ মঞ্জুরের আদেশ পাওয়ার পর আপিলের সারসংক্ষেপ জমা দেওয়া হবে, এরপর আপিলের ওপর শুনানি হবে।”

ব্র্যাকের আইনজীবী আসাদুজ্জামান জানান, অর্ধেক প্রদেয় ২১৩ কোটি টাকার মধ্যে ৫৭ কোটি টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আপিল মামলায় জিতলে প্রদেয় অর্থ সমন্বয় করা হবে।

মামলার বিবরনে জানা যায়, বিভিন্ন সময় ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস ওই প্রতিষ্ঠানের ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ করবর্ষের জন্য আয়কর নির্ধারণ করেন।

এর বিপরীতে প্রতিষ্ঠানটি আপিলেট কমিশনারের কাছে পৃথক প্রথম আপিল করে। আপিলেট কমিশনার সংযোজন-বিয়োজন করে উপকর কমিশনারের ওই সিদ্ধান্ত বহাল রাখেন।

এর বিরুদ্ধে ব্র্যাক পৃথক আবেদন নিয়ে  ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল যায়, যা দ্বিতীয় আপিল হিসেবে পরিচিত। পর ট্রাইব্যুনালের সিদ্ধান্তে ব্র্যাকের প্রদেয় আয়কর নির্ধারিত হয় ৪২৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৫০৭ টাকা।

এর বিরুদ্ধে ব্র্যাক হাই কোর্টে পৃথক ইনকাম  ট্যাক্স রেফারেন্স আপিল করে। ১২টি রেফারেন্স আপিলের ওপর শুনানি শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্টে এক রায়ে ওই আয়কর অব্যাহতি পাওয়ার যোগ্য বলে ঘোষণা করে।

এই রায়ের বিরুদ্ধে কমিশনার অব  ট্যাক্সেস চলতি বছর পৃথক ১২ টি লিভ টু আপিল করে, যার ওপর শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আদেশ দেয়।