বাংলাদেশে বিনিয়োগ টানতে লন্ডনে রোড শো
বাংলাদেশে বিনিয়োগ টানতে বৃহস্পতিবার লন্ডনের ক্যানারি ওয়ার্ফের ইস্ট উইন্টার গার্ডেনে ‘বাংলাদেশ রোড শো ইউকে ২০১৫’ শুরু হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নানের স্বাগত বক্তব্যের মাধ্যমে দুই দিনব্যাপী এই রোড শোর সূচনা হয়।
এরপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার সিইও সুনীল কৌশল, ব্লুমবার্গের গ্যাভিন সারকিন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ বক্তব্য রাখেন।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ এ সামাদ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানান তিনি।
হাই কমিশনার আব্দুল হান্নান বলেন, বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো ইত্যাদি খাতে অনেকের বিনিয়োগের আগ্রহ রয়েছে। তবে দুই দিনের রোড শো শেষ হওয়ার পরই কতটুকু সাড়া পাওয়া গেছে তা বোঝা যাবে।
বাংলাদেশে ইতোমধ্যে বিনিয়োগকারী কোম্পানি ‘ঈগল ইন্টারন্যাশনাল গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক জনাথন ফোর্ড অনুষ্ঠানে অংশ নেন।
আধুনিক প্রযুক্তি সম্বলিত অ্যাম্বুলেন্স ও মেডিকেল সরঞ্জাম সরবরাহ করে ঈগল ইন্টারন্যাশনাল।
বাংলাদেশে তেল, গ্যাস ও জ্বালানি খাতে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠানে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নিজের ও কোম্পানির নাম প্রকাশে অনীহা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। চুক্তি সই ও আনুষঙ্গিক কাজ শেষ না হওয়া নাগাদ তারা কিছু প্রকাশ করতে চান না।
লেড উড নামের একটি কোম্পানির কর্মকর্তা পিটার করনিশ বলেন, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চান।
ওয়েলসভিত্তিক এ কোম্পানি তেল-গ্যাস অনুসন্ধানসহ যন্ত্রপাতি সরবরাহ করে।
রোড শোতে এসে তথ্য সংগ্রহের পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন করনিশ। চলতি বছরের শেষদিকে বাংলাদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
