‘ট্যাক্সকার্ড’ পাচ্ছেন ২০ সর্বোচ্চ করদাতা
সর্বোচ্চ করদাতা ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের ‘ট্যাক্সকার্ড’ দেওয়া হচ্ছে। এই কার্ডধারীরা সিআইপি মর্যাদায় বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।
২০১৪-১৫ করবর্ষে সর্বোচ্চ কর দেওয়ায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক বছরের জন্য এই কার্ড দেওয়া হচ্ছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. আবদুল গফুর স্বাক্ষরিত এক আদেশে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, ইটিআইএন নম্বর, কর অঞ্চল এবং তাদের ঠিকানা প্রকাশ করা হয়েছে।
ট্যাক্সকার্ডধারীরা জাতীয় অনুষ্ঠান, পৌরসভা ও সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমান, রেল ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন তারা।
বিমানবন্দরের সিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ ছাড়াও ট্যাক্সকার্ডপ্রাপ্তরা স্ত্রী/স্বামী এবং সন্তানদের চিকিৎসায় সরকারি হাসপাতালের কেবিন বরাদ্দে অগ্রাধিকার পাবেন।
ঢাকার হাজী মো. কাউছ মিয়া, মোহাম্মদ ইউসুফ, রুবাইয়া ফারজানা হোসেন, লায়না হোসেন, হোসনে আরা হোসেন, খাজা তাজমহল, এম এ হায়দার হোসেন এবং আব্দুল মুক্তাদির সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্সকার্ড পাচ্ছেন।
এই তালিকায় রয়েছেন চট্টগ্রামের মো. নাছির উদ্দিন এবং নারায়ণগঞ্জের গোলাম দস্তগীর গাজী।
সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকার শেভরন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি, সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিডেট।
এছাড়া গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনও সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্সকার্ড পাচ্ছে।
‘জাতীয় টাক্সকার্ড প্রদান নীতিমালা’ অনুযায়ী ২০০৯-১০ করবর্ষ থেকে সর্বোচ্চ করদাতাদের ট্যাক্সকার্ড দেওয়া শুরু করে সরকার।
