স্থানীয় পশুতেই ‘মিটবে’ চট্টগ্রামের কোরবানির চাহিদা
ভারত থেকে গরু না এলেও আসন্ন কোরবানির ঈদে চট্টগ্রামে পশুর বাজারে ‘খুব একটা প্রভাব পড়বে না’ বলে আশা করছেন খামারি, পশু ব্যবসায়ী ও জেলার প্রাণি সম্পদ কর্মকর্তারা।
তারা বলছেন, দেশি গরুতেই এবার বন্দরনগরীর কোরবানির মওসুমের চাহিদা মেটানো সম্ভব হবে।
ঈদ সামনে রেখে সোমবার সাগরিকায় চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর বাজারে অল্প কিছু ভারতীয় ও নেপালি জাতের লাল গরু এসেছে দেখা যায়। তবে ঈদের বিকিকিনি যেহেতু এখনো শুরু হয়নি, তাই বাজারে শুধু নিয়মিত মাংস বিক্রেতাদেরই আনাগোনা।
এ বাজারের গরু ব্যাপারী সিরাজুল ইসলাম জানান, রোববার তিনটি ট্রাকে করে তিনি গরু এনেছেন। প্রতিটি গরুর ক্রয়মূল্য গড়ে ৪৮ হাজার টাকা। এর সঙ্গে প্রতিটি গরুর পেছনে কমপক্ষে পাঁচ হাজার টাকা করে খরচ আছে। দুই দিনে তিনি ৫০ হাজার টাকা করে দুটি গরু বিক্রি করেছেন।
বাজারের আরেক বিক্রেতা মমিনুল ১০টি নেপালি গরু এনেছেন; দাম হাঁকছেন এক লাখ টাকা করে। তবে তার একটি গরুও বিক্রি হয়নি।
চট্টগ্রাম গবাদি পশু সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম জানান, কোরবানির পশু এখনো পুরোদমে আসা শুরু হয়নি।
“উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু আসবে। চট্টগ্রামের খামারিরাও কোরবানির সময় বিক্রির জন্য গরু লালন-পালন করেছেন। কোরবানির সপ্তাহখানেক আগে থেকে বাজার জমে উঠবে।”
ভারতীয় গরু না এলেও এবার ঈদে পশুর সঙ্কট থাকবে না বলে মত দেন কাজী রফিকুল।
তিনি বলেন, “চট্টগ্রামে কোরবানিতে গরু বেশি বিক্রি হয়। এটা অন্য জেলার খামারি ও ব্যাপারীরা জানেন। তারা গরু নিয়ে আসবেন। আশা করি সঙ্কট হবে না।”
কোরবানির ঈদ সামনে রেখে খামারে ও ব্যক্তি উদ্যোগে পশুপালনের একটি চিত্র পাওয়া যায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল হাইয়ের কথায়।
“এবার দুই হাজার ৬৯টি খামারে ২৭ হাজার এবং ব্যক্তি পর্যায়ে এক লাখ ৯১ হাজার গরু তৈরি হচ্ছে। প্রায় দেড় লাখ ছাগল আছে। এছাড়া বিচ্ছিন্নভাবে প্রায় ১৭ লাখ গবাদি পশু খামারে ও বাড়িতে পালন করা হয়। সেখান থেকেও কিছু বিক্রি হবে।”
ভারতীয় গরু আমদানি না হলে বাজারে ‘কিছুটা’ প্রভাব পড়তে পারে মন্তব্য করে আবদুল হাই বলেন, “গতবছর কোরবানির বাজারে বিক্রি হওয়া গরুর ৮০ শতাংশই ছিল দেশি। স্টেরয়েড প্রয়োগসহ নানা কারণে আমদানি করা গরু নিয়ে ক্রেতাদের আগ্রহ ছিল কম।
“আমদানি না হলে হয়ত দুই-এক বছর কিছুটা সমস্যা হবে। তবে পশুপালনে স্বল্প সুদে ঋণ দেওয়া সম্ভব হলে দুই বছরের মধ্যে পশু ও মাংস উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠব।”
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুসারে, ২০১৩ সালে জেলায় চার লাখ ছয় হাজার পশু কোরবানি হয়। এর মধ্যে তিন লাখ ২০ হাজার গরু, ৮০ হাজার ছাগল এবং ছয় হাজার মহিষ।
২০১৪ সালে জেলায় কোরবানি হয় চার লাখ ৮৫ হাজার ৮৬৭টি পশু। এর মধ্যে গরু তিন লাখ ৬৩ হাজার, ছাগল এক লাখ ১০ হাজার ৫৬৭ এবং মহিষ ছিল ১২ হাজার তিনশ।
