২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে নেসলের পুষ্টিবিজ্ঞান মেলা

মা ও শিশুর সুস্বাস্থ্য সম্বন্ধে নার্সদের জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য সারাদেশে ‘পুষ্টি বিজ্ঞান মেলা’ শেষ করেছে নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 11:09 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

গত ৭ জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নেসলে বাংলাদেশের ১৬টি স্থানে দিনব্যাপী এ মেলার আয়োজন করে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী  এক হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে এ সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্যই এ মেলার আয়োজন করা হয়।”

ঢাকার মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে, উত্তরার হোয়াইট হল ক্যাটারসে, আজিমপুরে স্টেট জনকল্যাণ সমিতিতে, মোহাম্মদপুরে অঙ্গন কমিউনিটি সেন্টারে এবং ঢাকার বাইরে ১২টি জায়গায় মা ও শিশু স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় ও কার্যকরী এ পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

মেলায় সারাদেশ থেকে ৩ হাজার নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশু জন্মের সময় ও পরবর্তী কিছুদিন নার্সরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের প্রশিক্ষিত করে তোলা মাও শিশুর সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি।

অনুষ্ঠিত এ মেলা নার্সদের প্রশিক্ষণ বিষয়াদির মধ্যে ছিল- গর্ভ ও প্রসবকালীন সময়ের প্রস্তুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরুর দুধ দেয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্যবিন্যাসের প্রয়োজনীয়তা।