নভো এয়ারে বিশেষ সুবিধা রবি গ্রাহকদের
মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকরা বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভো এয়ারের বিশেষ সেবা পাবেন।
সোমবার রাজধানীর গুলশানে রবির কর্পোরেট অফিসে নভো এয়ারের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয় বলে মোবাইল অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশজুড়ে নভো এয়ারের ১৪টি সেলস সেন্টার থেকে গ্রাহকরা এই ডিসকাউন্ট অফারটি নিতে পারবেন।”
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং নভো এয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহাইল মজিদ।
চুক্তির আওতায় রবি’র প্লাটিনাম এইস এবং প্লাটিনাম ক্যাটাগরির গ্রাহকরা নভো এয়ারের মূল ভাড়ার উপর ১০ শতাংশ ছাড় পাবেন। একই সঙ্গে নির্ধারিত লাগেজ সুবিধার বাইরে বাড়তি ৫ কেজি ব্যাগেজ বহনের সুবিধা পাবেন। থাকবে অগ্রাধিকার ভিত্তিতে চেক ইনের সুযোগও।
এছাডা রবি'র ডায়মন্ড, গোল্ড এবং সিলভার ক্যাটাগরির গ্রাহকরা নভো এয়ারে যে কোন গন্তব্যে যেতে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
রবি গ্রাহকরা ধন্যবাদ প্রোগ্রামের আওতায় তাদের ক্যাটাগরি জানতে হলে CAT লিখে '১২১৩' নাম্বারে এসএমএস করতে হবে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নভো এয়ারের ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) একেএম মাহফুজুল আলম, সুপারভাইজর (মার্কেটিং) এ.এফ.এ রুবায়াত-উল-জান্নাত ও রবি’র ম্যানেজার (লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক ) ক্যাসপার রিচার্ড রয়।
