থ্রিজি কিনে টুজি নয়, ক্ষতিপূরণ পাবে গ্রাহক
থ্রিজি প্যাকেজ কিনে টুজি নেটওয়ার্কে ঢুকে পড়লে গ্রাহককে ৪০ শতাংশ ডাটা সাবসিডি বা ক্ষতিপূরণ দিতে অপারেটরদের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
পাশাপাশি নির্ধারিত প্যাকেজে উল্লেখ করা গতি নিরবচ্ছিন্ন রাখতেও অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়, যা বাস্তবায়নে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়ে অপারেটরদের চিঠি দেওয়া হয়েছে।
২০১৩ সালের অক্টোবর থেকে দেশে থ্রিজি ইন্টারনেট সেবা শুরু হয়। এর পর থেকেই টুজি ও থ্রিজি সেবা নিয়ে বিভ্রান্তি চলছে গ্রাহক পর্যায়ে। এ বিষয়ে চারটি সিদ্ধান্ত দিয়েছে বিটিআরসি।
প্রথমত কোনো গ্রাহক টুজি নেটওয়ার্ক থেকে থ্রিজি ইন্টারনেট প্যাকেজে কিনতে চাইলে সেই গ্রাহককে এসএমএস দিয়ে জানিয়ে দিতে হবে তিনি থ্রিজি নেটওয়ার্কের বাইরে রয়েছেন।
টুজি অথবা থ্রিজি ইন্টারনেট প্যাকেজ কেনার পর গ্রাহককে প্যাকেজে উল্লেখিত গতি সরবরাহ করারও নির্দেশ দিয়েছে বিটিআরসি।
এছাড়া টুজি ইন্টারনেট প্যাকেজের দাম অবশ্যই থ্রিজি ইন্টারনেট প্যাকেজ থেকে কম নির্ধারণ করতেও বলেছে সংস্থাটি।
ভোক্তা পর্যায়ে সবেচেয়ে বেশি অভিযোগ পাওয়া যায় থ্রিজি থেকে টুজি নেটওয়ার্কে চলে যাওয়া এবং থ্রিজির হারে টাকা কাটার বিষয়টি নিয়ে।
এ বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, থ্রিজি প্যাকেজ কিনে কোনো গ্রাহক টুজি নেটওয়ার্কে চলে গেলে তাকে টুজি নেটওয়ার্কে ব্যবহৃত ডাটার ৪০ শতাংশ সাবসিডি/ক্ষতিপূরণ দিতে হবে।
সোমবার বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে এ নির্দেশনার বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস সাংবাদিকদের বলেন, “যখন ইন্টারনেট নিচ্ছেন তখন টুজি এবং থ্রিজিকে টেকনোলজির ভিত্তিতে আলাদা বিচার করা খুব সহজ নয়।
“অপারেটরদের কোন কোন এলাকায় টুজি আবার কোন কোন এলাকায় থ্রিজি নেটওয়ার্ক আছে। যে কোন প্যাকেজ নিলে থ্রিজি এরিয়ায় যে স্পিড পায়, টুজি এরিয়ায় গেলে সে স্পিড যায় না। গ্রাহকদের জানা দরকার কোন এলাকায় আছে আর কোন এলাকায় থ্রিজি নাই। এ বিষয়গুলো ঘুচানো দরকার।”
বিটিআরসি প্রধান বলেন, “কবে নাগাদ কোন এলাকায় থ্রিজি যাবে তা অপারেটরদের কাছে জানতে চাওয়া হয়েছে। অনেকে বলেছে আগামী অক্টোবরের মধ্যে চলে আসবে। আমি চাই ডাটার জন্য টুজি নেটওয়র্কের কোন প্রশ্ন থাকবে না, কারণ থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কে যেতে চাই।”
থ্রিজি প্যকেজে সেবা গ্রহণকারী টুজি নেটওয়ার্কের আওতায় এলে গ্রাহককে ৪০ শতাংশ সাবসিডি কীভাবে দেওয়া হবে জানতে চাইলে সুনীল কান্তি বোস বলেন, “এটি অপারেটরদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।”
বিটিআরসি’র হিসাবে, গত জুলাই মাসের শেষ নাগাদ দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কেটি সাত লাখ সাত হাজার।
এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৪ কোটি ৯২ লাখ ৪১ হাজার।
