ঢাকায় আসছেন আজিয়াটা গ্রুপের প্রেসিডেন্ট
আজিয়াটা গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী দাতো শ্রী জামালুদ্দিন ইব্রাহিম সোমবার ঢাকা আসছেন।
তার সফরসঙ্গী হিসেবে আজিয়াটা গ্রুপের ব্যবস্থাপনা পর্ষদের জ্যেষ্ঠ সদস্যরা থাকবেন বলে রোববার মোবাইল অপারেটর রবি এক সংবাদে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এশিয়ার বৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর মধ্যে আজিয়াটা অন্যতম।
দিনব্যাপী সফরে তিনি রবি আজিয়াটা লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন মোবাইল টেলিকম শিল্পের বিভিন্ন দিক নিয়ে।
অন্যদের মধ্যে এই সফরে থাকছেন- গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার চারি টিভিটি, চিফ ট্যালেন্ট অফিসার দাতিন বদরুন্নিসা মোহাম্মদ ইয়াসিন খান, চিফ ইন্টারনাল অডিট নিক নাজিফা নিক আহমাদ, চিফ করপোরেট অফিসার মোহাম্মদ আইধাম নাওয়াই, চিফ স্ট্র্যাটেজি অফিসার রেনি ওয়ার্নার, চিফ এইচআর অফিসার ডার্কে এম সানি, চিফ মার্কেটিং অ্যান্ড অপারেশন্স অফিসার সিমন পারকিন প্রমুখ।
জামালুদ্দিন আজিয়াটা গ্রুপ বারহাদ এর ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার। ২০০৮ সালের মার্চে আজিয়াটায় যোগ দেন তিনি।
ক্যারিয়ারের প্রায় ৩৪ বছর আইসিটি ইন্ডাস্ট্রি, ১৬ বছর আইটি এবং ১৮ বছর টেলিকমিউনিকেশনে কাজ করেছেন তিনি।
১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে তিনি কোয়ানটিটেটিভ মেথডের উপর শিক্ষকতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন।
অজিয়াটা গ্রুপের মোবাইল সহযোগী এবং সহায়ক প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ায় ‘সেলকম’, ইন্দোনেশিয়ায় ‘এক্স এল’, শ্রীলঙ্কায় ‘ডায়লগ’, বাংলাদেশে ‘রবি’, ক্যাম্বোডিয়ায় ‘স্মার্ট’, ভারতে ‘আইডিয়া’ এবং সিঙ্গাপুরে ‘এমওয়ান’ ব্র্যান্ড হিসেবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এশিয়াতে এই গ্রুপ এবং এর সহযোগী ও সহায়ক প্রতিষ্ঠানের মোবাইল গ্রাহকের সংখ্যা ২৬০ মিলিয়নের বেশি।
