২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সপ্তাহ: তথ্যক্ষুধা মেটাতে নানা আয়োজন

সেবাভিত্তিক নানা অ্যাপের প্রতি বেশি আগ্রহ দেখা গেছে ইন্টারনেট সপ্তাহের উৎসবে আসা দর্শনার্থীদের মাঝে। অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সাজ-সরঞ্জাম দেখেও বোঝা গেল তারা সেই কৌতুহল মেটানোর জন্য প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 09:21 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

রোববার বানানী মাঠে ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক্সপো ঘুরে ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

বিডিজবস এর প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটির নতুন মোবাইল অ্যাপ দেখছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন অধিকারী।

বিডিজবসের মতো আরও কয়েকটি অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠানের স্টল রয়েছে এক্সপোতে।

কথা প্রসঙ্গে সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্নাতক শেষ সেমিস্টারে পড়ছি। আর কয়দিন পরই চাকরি খুঁজতে হবে। তাই এখন থেকেই চাকরি খোঁজার ভালো ওয়েবসাইটের খোঁজ নিচ্ছি।” 

তার কাছে জানতে চাওয়া হয়েছিল- কি দেখলেন, কি শিখলেন?

জবাবে তিনি বলেন, “এই যেমন এখানে এসে নতুন অ্যাপটি সম্বন্ধে জানতে পারলাম। এরকম আরও অনেক নতুন নতুন অ্যাপ ও ইন্টারনেট ভিত্তিক সেবা সম্বন্ধে এখানে এসে জানতে পেরেছি।”

দেশে ইন্টারনেটের প্রসার এবং ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবা সম্প্রসারণে সারাদেশে একযোগে চলছে ইন্টারনেট সপ্তাহ, যার একটি আয়োজন চলছে বনানী খেলার মাঠে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করেন।

আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৪৮৭ টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে একযোগে চলবে এ আয়োজন। ঢাকা ছাড়া রাজশাহী ও সিলেটে আগামী ৯ ও ১১ সেপ্টেম্বর এক্সপো অনুষ্ঠিত হবে।

সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও গ্রামীণফোনের সহযোগিতায় এ আয়োজন করছে।

শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা ৫৭টি প্রতিষ্ঠান বানানীর এক্সপোতে অংশ নিয়েছে।

আইটি শিক্ষার্থীদের জন্য ‘স্কিল ডেভেলপমেন্ট’ প্রকল্প নিয়ে এক্সপোতে এসেছে শুভ্রা সিস্টেমস নামে একটি সফটওয়্যার নির্মাতা ও ডেভেলপার প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের কর্মী আমির হোসেন বলেন, “আমাদের এ প্রকল্পটির মাধ্যমে আইটি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিভিন্ন প্রকল্প তৈরিতে সহযোগিতা পাবেন।”

সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিস এর প্যাভিলিয়নেও দেখা মিললো এ ধরনের একটি প্রকল্প।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “যারা সফটওয়ার ইন্ড্রাষ্ট্রিতে কাজ করতে চান তাদের স্কিল ডেভেলপের জন্য আমাদের একটি প্রকল্প রয়েছে যার নাম রাখা হয়েছে বেসিস ইন্ড্রাস্ট্রি কনফাইন্ড ট্রেনিং প্রোগ্রাম। এর আওতায় একজন শিক্ষার্থী দুই থেকে তিন মাসের প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণে যারা ভালো করবেন তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও আছে।”

শুধু শিক্ষা বা চাকরির মাধ্যম নয়, এক্সপোতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ। এগুলোর মধ্যে রয়েছে অনলাইন কাঁচাবাজার, খাবারের দোকান, নিত্য প্রয়োজনীয় পণ্য, মুঠোফান সেবাদানকারী প্রতিষ্ঠান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, হোম সিকিউরিটি ইত্যাদি।

নতুন কি শিখলেন মেলায় এসে- চাওয়া হয়েছিলো ক্যামব্রিয়ান স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী রুবাইয়াৎ হোসেন বাপ্পির কাছে।

তিনি বলেন, “এখানে এসে অনেক কিছুই জানতে পেরেছি। যেমন ধরা যাক একটি অ্যাপ আছে যেটি দিয়ে প্রয়োজন মতো ডাক্তার, রেন্ট-এ-কার, হাসপাতালের মতো অতি জরুরি কিছু বিষয় খুঁজে পাওয়া যায়।

“এ ধরনের আয়োজনের প্রয়োজন আছে। এতে আইটি সেক্টর সম্পর্কে আমার মতো অনেকেই অনেক কিছু জানতে পারছে। এখানে এসে আমার বেশ ভালো লাগছে।”

বাপ্পির সঙ্গে কথা চলাকালেই এক্সপো’র মূল মঞ্চে ‘লাভ গুরু’ নামে একটি মোবাইল অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। মূল মঞ্চ থেকে এ সময় জানানো হয়, এ অ্যাপটি দিয়ে প্রয়োজনের সময় রক্তদাতাদের খুঁজে পাওয়া সম্ভব।

নানা আয়োজন আর সেবামূলক কার্যক্রম নিয়ে অ্যাপের দেখা মিললেও সাম্প্রতিক সময়ে নিরাপদ ইন্টারনেট নিয়ে যে হৈচৈ চলছে, সে বিষয়ে সচেতনতামূলক কোন আয়োজন দেখা যায়নি এই এক্সপোতে।

এমনকি আইসিটি বিভাগের প্যাভিলিয়নেও ‘নিরাপদ ইন্টারনেট’ নিয়ে কোন আয়োজন ছিল না।

কেন নেই?- জানতে চাইলে আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক প্রকল্পের সহকারী প্রকৌশলী নরোত্তম পাল বলেন, “সাইবার সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শুধু সাইবার নিরাপত্তা নিয়ে একটি বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে, তাই হয়তো এটি নিয়ে তেমন কিছু চোখে পড়ছে না।”

একই বিষয়ে কোন স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি মেলার আয়োজক বেসিস এর প্যাভিলিয়ন থেকেও।