২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপলস লিজিংকে স্থগিতাদেশ দাখিলের নির্দেশ

২০১০ সালে কৃত্রিমভাবে পিপলস লিজিংয়ের শেয়ারের দর বাড়ানোর অভিযোগে সিরাজউদ্দৌলাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ ওই দিন ট্রাইব্যুনালে দাখিল করতে বলেছেন পুঁজিবাজারের মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর।

আসামিদের মধ্যে সিরাজউদ্দৌলা, মোহাম্মদ হাবিবুর রহমান মোড়ল রোববার আদালতে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন না সিরাজউদ্দৌলার স্ত্রী রাশেদা আক্তার মায়া।

চলতি বছরের ১০ অগাস্ট ট্রাইব্যুনাল এ মামলার অভিযোগ গঠনের আদেশ দিলে তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান সিরাজউদ্দৌলাসহ তিনজন।

উচ্চ আদালত গত ২ সেপ্টেম্বর মামলাটির কার্যক্রম এক মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন বলে ট্রাইব্যুনালকে জানায় আসামি পক্ষ।

আসামি পক্ষের আইনজীবী বাকী মো. মর্তুজা সাংবাদিকদের বলেন, “আমরা ওই আদেশের কপি আগামী তারিখে দাখিলের জন্য আবেদন জানিয়েছি। বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেছেন।”

নিজেদের মধ্যে লেনদেনের মাধ্যমে পিপলস লিজিংয়ের শেয়ারের দর কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে সিরাজউদ্দৌলা, তার স্ত্রী রাশেদা আক্তার মায়া ও মোহাম্মদ হাবিবুর রহমান মোড়লের বিরুদ্ধে ২০১১ সালের ২১ আগস্ট মামলা দায়ের করে বিএসইসি।

মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা ২০১০ সালের ৩০ জুন থেকে ৪ নভেম্বরের মধ্যে সংঘবদ্ধভাবে কৃত্রিম লেনদেনের মাধ্যমে পিপলস লিজিংয়ের শেয়ারের মূল্য বৃদ্ধি ঘটিয়েছেন।

ওই সময়ের মধ্যে বিভিন্ন কার্যদিবসে সিরাজউদ্দৌলা পিপলস লিজিংয়ের ২ লাখ ২২ হাজার ৭০০ শেয়ার বিভিন্ন দরে কেনেন। ওই সময়ে শেয়ারটির দর ধারাবাহিকভাবে বেড়েছে। পরে শেয়ারটির অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের পর ২ লাখ ৭৪ হাজার ৩০০ শেয়ার বিক্রি করেন। আবার ৪ আগস্ট থেকে ৩ অক্টোবর পর্যন্ত পিপলস লিজিংয়ের ৮ লাখ ৫৯ হাজার ৩০০ শেয়ার কেনেন।

রাশেদা ১০ অগাস্ট থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পিপলস লিজিংয়ের ৩ লাখ ৬৭ হাজার ৬০০ শেয়ার কেনেন বলে মামলায় বলা হয়েছে। একই সময়ে তিনি ৩ লাখ ৩১ হাজার ৯০০ শেয়ার বিক্রি করেন। হাবিবুর রহমান একই সময়কালে পিপলস লিজিংয়ের ৭৫ হাজার শেয়ার কেনা-বেচা করেন।

পুঁজিবাজারে ২০০৯-১০ সালের কেলেঙ্কারি তদন্তে গঠিত কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন কমিটির সুপারিশে পিপলস লিজিংয়ের বিরুদ্ধে মামলা করে বিএসইসি।