৯৬ কেলেঙ্কারি: চিটাগাং সিমেন্ট মামলার সাক্ষ্যগ্রহণ ২০ সেপ্টেম্বর
১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় আলোচিত চিটাগাং সিমেন্ট মামলায় গঠিত তদন্ত কমিটির সদস্য অধ্যাপক জহিরুল হকের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
রোববার তিনি তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরার করার পর পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন রেখেছেন।
ওই দিন সাক্ষ্য দেবেন গঠিত তদন্ত কমিটির সদস্য ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান মনিরউদ্দিন আহমেদ ও চিটাগাং সিমেন্টের সাবেক সচিব মোস্তাফিজুর রহমান।
রোববার জহিরুল হককে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন ও মোহাম্মদ মহসিন রশিদ। বিএসইসির পক্ষে ছিলেন প্যানেল আইনজীবী মাসুদ রানা খান।
এর আগে গত ১৬ আগস্ট ও ১৭ অগাস্ট মামলার বাদী এম এ রশীদ খান এবং তদন্ত কমিটির প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর সাক্ষ্য গ্রহণ হয়।
এ মামলার আসামিরা হলেন চিটাগাং সিমেন্টের তৎকালীন পরিচালক রকিবুর রহমান, শহিদুল হক বুলবুল, আবু তৈয়ব।
রকিবুর বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি। বুলবুল ডিএসইর পরিচালক ছিলেন।
তাদের বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, আসামিরা ১৯৯৬ সালে চিটাগাং সিমেন্টের পরিচালক হিসেবে ভারতীয় ও ইরানি বিনিয়োগের তথ্য ছড়িয়ে শেয়ার মূল্য প্রভাবিত করেন। পরে ওই বিনিয়োগের বিষয়ে চিটাগাং সিমেন্টের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।
এছাড়া বিএসইসির নির্দেশনার পর রকিবুর ও বুলবুল চিটিাগাং সিমেন্টের পরিচালকের পদ ছাড়েননি বলেও মামলায় বলা হয়েছে।
১৯৯৬ সালে পুঁজিবাজারে ধসের পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে অর্থনীতির অধ্যাপক আমিরুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি করেছিল তৎকালীন সরকার। ১৯৯৭ সালে কমিটির দেওয়া প্রতিবেদনে কারসাজির জন্য কয়েকটি কোম্পানিকে দায়ী করে তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়।
বিএসইসির করা মামলাগুলোর বিচার বর্তমানে পল্টনের হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরশন ভবনে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনালে চলছে। এক সপ্তাহ আগেই প্রথম মামলাটির রায় হয়েছে।
প্যারাগনের মামলার শুনানি ১৪ সেপ্টেম্বর
প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার সার্টিফিকেট নিয়ে প্রতারণার মামলাটির পরবর্তী শুনানি আগামী ১৪ সেপ্টেম্বর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর।
রোববার ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের সাবেক কর্মকর্তা নাজমুল ইসলাম ও বিভাস সাহার সাক্ষ্যগ্রহণের পর এই দিন ঠিক করেন তিনি।
মামলার দুই আসামি মাহবুবুর রহমান ও মোয়াজ্জেম হোসেন এদিন আদালতে উপস্থিত ছিলেন। বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানার পাশাপাশি আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্যারাগন লেদারের শেয়ার কেলেঙ্কারি মামলার কার্যক্রম গত ৯ অগাস্ট শুরুর কথা থাকলেও বাদী ও আসামিপক্ষের কেউ প্রস্তুত না থাকায় তা চার দিন পিছিয়ে যায়।
প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতি নিয়ে কোম্পানিসহ ২০ জনকে আসামি করে ২০০১ সালে মামলা করে বিএসইসি।
আসামিরা হলেন এম এ সালাম, আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ, আব্দুস সালাম, এস এস জুনায়েদ বাগদাদী, মো. কুতুবউদ্দিন, মো. আরব মিয়া, আলী আহম্মেদ, মো. নূরুল আফসার, মো. কলিমউদ্দিন, মো. জালাল উদ্দিন, হেমন্ত বাইন, এ বি এম মোরশেদুল হক, মো. সাইফুল্লা মিজান, শামসুল হাদী, মো. বশির আলম, মাহবুবুর, মাহবুবুর রহমান, মোয়াজ্জেম হোসেন।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোম্পানির শেয়ার জাল করার বিষয়ে ভূমিকা রেখেছিলেন। পরে ওই জাল শেয়ার সার্টিফিকেট কিছু ব্যক্তি ও কোম্পানিটির কিছু কর্মকর্তা ঋণের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়। আর ওই সব জাল শেয়ার সার্টিফিকেট ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজারে আসে।
