বুঝতে হবে ‘নিরাপদ ইন্টারনেট’: বেনজীর
নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটের ব্যবহার নিয়ে নিজ উদ্যোগে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
শনিবার থেকে শুরু হওয়া ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে রাতে বনানী সোসাইটি মাঠে আয়োজিত মিট দ্য ইয়ুথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
র্যাব প্রধান বলেন, “নিজেদের স্বার্থেই ইন্টারনেটের সেফটি ও সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। আমাদের দেশে একটি ভাল আইন আছে। কেউ যদি কোনো ধরনের সাইবার হামলার স্বীকার হন অবশ্যই আমাদের জানান, আপনারা না জানালে আমরা ব্যবস্থা নিতে পারব না ।”
সাইবার হামলাকারীদের ধরার জন্য প্রযুক্তি উন্নত করা হচ্ছে বলেও জানান তিনি।
বেনজীর বলেন, “আমরা প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি করছি, যাতে কোন সাইবার অপরাধী পার না পায় ।”
ইন্টারনেট ব্যবহার করে জঙ্গিরা নিজেদের বিস্তার ঘটাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী চলবে এই উৎসব। উন্মুক্ত থাকবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা চাই তরুণদের মধ্যে থেকে নেতৃত্ব আসুক। আমরা দেশের ঘরে ঘরে ইন্টারনেট ছড়িয়ে দিতে চাই, আমরা চাই তারুণ্যনির্ভর এবং জ্ঞাননির্ভর বাংলাদেশ গড়তে।”
বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন এতে সহযোগিতা করছে।
দেশে ইন্টারনেটের প্রসার এবং ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবা সম্প্রসারণের লক্ষ্যে এই ইন্টারনেট সপ্তাহ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
১০ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক তৈরির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে এই উৎসবে।
শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান উৎসবে অংশ নিয়েছে।
