পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার
রাজধানীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠান পর্যটন বিষয়ক মাসিক পত্রিকা ‘পর্যটন বিচিত্রা’ এর সম্পাদক মহিউদ্দিন হেলাল।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।
এ আয়োজনে সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ।
“মেলায় অংশ নেওয়া এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্র্যাভেল শপ, থিমপার্কসহ বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটন বিষয়ক বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ঘোষণা করবে।”
মেলায় প্রবেশের জন্য একজন দর্শনার্থীকে ২০ টাকা প্রবেশমূল্য দিতে হবে। তবে শিক্ষার্থীদের কোনো টিকিট লাগবে না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. অপরুপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, আইএলও এর বিশেষজ্ঞ ফ্রান্সিস ডি সিলভা উপস্থিত ছিলেন।
