অলটেক্সসহ পাঁচ কোম্পানিকে জরিমানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ায় এই জরিমানা করা হয়েছে। একই অপরাধে আরও চার কোম্পানিকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দিয়েছে বিএসইসি।
সোমবার সংস্থার চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে কমিশনের সভায় এ সব জরিমানা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণীতে নিরীক্ষকের কোয়ালিফাইড ওপিনিয়ন অনুযায়ী প্রায় ১১৯ কোটি টাকার স্থায়ী সম্পদের প্রকৃত অবস্থান না থাকা, সুদ বাবদ খরচ ১৭৪ দশমিক ৮৯ মিলিয়ন টাকা আর্থিক বিবরণীতে প্রভিশন হিসাবে না দেখানোর কারণে কোম্পানির নিট মুনাফা ১২ কোটি ২৭ লাখ টাকা দেখানো হয়েছে, যা প্রকৃতপক্ষে নিট ক্ষতি বা লোকসান ছিল ৫ কোটি ২২ লাখ টাকা।
সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে বিএসইসি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়া আইন না মানায় আরও চার কোম্পানিকে অর্থদণ্ড দিয়েছে বিএসইসি।
এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের এক লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।
এছাড়া আশরাফ টেক্সটাইল এবং চিক টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রত্যেক পরিচালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে এক লাখ টাকা করে।
