২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্ট টেক্সটাইলের আইপিও অনুমোদন

বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সোমবার সংস্থার চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে কমিশনের সভায় এই আইপিও অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য রাখা হয়েছে ১০ টাকা; সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে তৈরি পোশাক খাতের প্রকল্পে ব্যয় করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড হাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই গ্রুপের রিজেন্ট এয়ারওয়েজসহ অন্যান্য ব্যবসা রয়েছে।

রিজেন্ট টেক্সটাইলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানিমুখী উভেন ফ্রেবিক্স এবং গৃহস্থালী সাজসজ্জা উপকরণ প্রস্ততকারক বস্ত্র কারখানা।

দুই ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড

কমিশনের সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক ৪০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবওর্ডিনেটেড বন্ড এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার সাবওর্ডিনেটেড ফ্লটিং রেট বন্ড ছাড়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

দুটি বন্ডেরই মেয়াদ হবে সাত বছর। সম্পূর্ণ পূরণীয় , অরূপান্তরযোগ্য , অধীনস্ত বন্ড

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবি ব্যাংকের বন্ডটি হবে সম্পূর্ণ পূরণীয়, অরূপান্তরযোগ্য ও অধীনস্ত বন্ড। এটি সাত বছরে সম্পূর্ণ মুক্ত হবে, যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ আর্থিক সঙ্গতি সম্পন্ন বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এবি ব্যাংক লিমিটেড তাদের টায়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল এবং ক্যাপিটাল অ্যাডিকিউসি রেশিও বৃদ্ধির কাজে ব্যয় করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসেবে কাজ করছে আরএসএ ক্যাপিটাল ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক বন্ডটিও সাত বছরে সম্পূর্ণ মুক্ত হবে, যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ আর্থিক সঙ্গতি সম্পন্ন বিনিয়োগকারীরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড তাদের টায়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল বেইজ বৃদ্ধির কাজে ব্যয় করবে।

এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য রাখা হয়েছে ১ কোটি টাকা। বন্ডটির লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসেবে কাজ করছে আরএসএ ক্যাপিটাল ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।