ডিএসইতে লেনদেন ৪০০ কোটির নিচে
সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯৪ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ৩৮ লাখ টাকা কম।
এ নিয়ে দুই মাস পরে ৪০০ কোটির নিচে নামল ডিএসইর লেনদেন। এর আগে এর কম লেনদেন হয়েছিল ২৫ জুন, সেদিন লেনদেনের পরিমাণ ছিল ৩৪৬ কোটি ৬২ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- এসপিসিএল, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট ও ইউনাইটেড পাওয়ার ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৮ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর।
