চট্টগ্রামে সিএসইর ৫ম পুঁজিবাজার মেলা ৮ অক্টোবর
পঞ্চমবারের মতো পুঁজিবাজার মেলার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
আগামী ৮ ও ৯ অক্টোবর চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুদিনব্যাপী এই মেলায় স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি এবং সেবা ও উৎপাদনভিত্তিক কোম্পানিগুলো অংশ নেবে।
২০০৫ সালে প্রথমবারের মতো চট্টগ্রামে পুঁজিবাজার মেলার আয়োজন করা হয়। এর পর ২০০৭ সালে দ্বিতীয় মেলা সিলেটে, তৃতীয় মেলা ২০০৯ সালে চট্টগ্রামে এবং চতুর্থ মেলা ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানির পণ্য ও সেবা, বাণিজ্যিক কার্যক্রমের অগ্রগতি ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা, হালনাগাদ আর্থিক তথ্য, করপোরেট প্রশাসন ও বার্ষিক সাধারণ সভার সম্পর্কে জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এছাড়া বিও অ্যাকাউন্ট খোলা, পিই অনুপাত, ডিভিডেন্ড ঈল্ড, ইপিএস, ইন্টারনেট ট্রেডিং সার্ভিস ও ব্রোকারদের ওয়ার্ক স্টেশন সম্পর্কে জানতে মেলায় স্টক ব্রোকার/ডিলারদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
এবারের মেলায় ১০০টি স্টল রাখা হবে, যেগুলো ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে মেলায় অংশ নিতে আগ্রহী কোম্পানিগুলোর মধ্যে বণ্টন করা হবে।
মেলা চলার সময় দুদিনে বাংলাদেশে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা, তালিকাভুক্ত কোম্পানিতে করপোরেট প্রশাসনের গুরুত্ব, বাংলাদেশে পুঁজিবাজারের স্থিতিশীলতায় নিয়ন্ত্রকদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
পাশাপাশি মেলা প্রাঙ্গণে ‘ট্যাব ও স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারনেট ট্রেডিং সার্ভিস’ বিষয়ে প্রশিক্ষণেরও আয়োজন করবে সিএসই।
মেলায় বিভিন্ন কোম্পানি স্পেশাল প্যাকেজ ও ডিসকাউন্ট অফার, ফ্রি প্রোডাক্ট ও সার্ভিসসহ অংশ নিতে পারে।
এছাড়া ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্য কোম্পানিগুলোর জন্য মেলায় চাকরির অফার নিয়ে আসতে পারবে।
সিএসই মেলা চলাকালীন প্রতি সন্ধ্যায় র্যাফল ড্র অনুষ্ঠিত হবে।
