২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুচরায় সবজির দাম পাইকারির দ্বিগুণ 

এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচা বাজারে পাইকারি ও খুচরা পর্যায়ের সবজির দামের ব্যবধান প্রায় দ্বিগুণ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 06:34 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

বাড়তি দামে সবজি বিক্রির জন্য বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা।

শুক্রবার দুপুরে নগরীর সবজির বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারের আড়তে ও খুচরা বাজারের দাম যাচাই করে এ চিত্র পাওয়া গেছে।

এই বাজারে পাইকারি আড়ৎ আর খুচরায় সবজি বিক্রির স্থানের দূরত্ব ৩০ থেকে ৫০ গজ।

রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে কেজিপ্রতি ৩৫ টাকায় বিক্রি হওয়া করলা খুচরায় বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর ৪০ টাকার কাকরোল খুচরায় বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

বিস্তর ব্যবধানের এ তালিকায় আছে বাজারের অধিকাংশ সবজি। পটল পাইকারিতে ২৮ টাকা বিক্রি হলেও খুচরায় সেটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পাইকারিতে ছোট আকারের বেগুন বিক্রি হচ্ছে ১৮ টাকায়। একই বেগুন খুচরায় বিক্রি হচ্ছে দাম ৫০ টাকায়।

এছাড়াও শসা পাইকারিতে ৩৫ টাকা বিক্রি হলেও সেটা খুচরায় বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। পাইকারির কেজিপ্রতি ৪৫ টাকার বরবটি খুচরায় বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

দাম বেড়েছে কাঁচা মরিচেরও। পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচের দর ৭০ থেকে ৮০ টাকা। সেটা খুচরায় বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকা পর্যন্ত।

সবজির পাইকারি বিক্রেতা বিসমিল্লাহ বাণিজ্যালয়ের হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিকাংশ সময় খুচরা বিক্রেতারা পাইকারদের কাছে থেকে বেশি দামে কেনার অজুহাতে ক্রেতার কাছে বেশি দামে সবজি বিক্রি করে।

“পাইকারি ও খুচরায় এ ধরণের বিস্তর ব্যবধান মেনে নেওয়ার মতো না। তদারকি না থাকার কারণে এটা হচ্ছে।”

রিয়াজউদ্দিন বাজারের সবজির খুচরা বিক্রেতা আলাউদ্দিন জানান, মাসের শুরুতে বৃষ্টি আর বন্যার পর সবজির সরবরাহ কম। পাইকারিতে কেনা সবজি বাছাই করতে গিয়ে মাঝে মাঝে বিক্রি অযোগ্য কিছু সবজি ফেলে দিতে হয়।

“সব মিলে বেশি দামে বিক্রি না করলে আমাদের খরচ ওঠে না।“

বাজারে সবজির সরবরাহ কিছুটা কম থাকায় চাহিদা বেড়েছে ডিমের, যে কারণে দামও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদেগর।

জুলাই মাসে প্রতি ১০০টি ফার্মের মুরগির ডিম ৬০০ টাকায় বিক্রি হত।

রিয়াজউদ্দিন বাজারের ডিম বিক্রেতা বখতেয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি ১০০টি ফার্মের মুরগির লাল ডিম এখন বিক্রি হচ্ছে ৮৯০ টাকায় ও সাদা ডিম বিক্রি হচ্ছে ৮৮০ টাকায়।

গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দামও বেড়েছে কেজিতে দশ টাকা করে। গত সপ্তাহের ১৩৫ টাকায় বিক্রি হওয়ার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।

তবে স্থিতিশীল আছে মাছ ও মাংসের বাজার। রিয়াজউদ্দিন বাজারে গত সপ্তাহের মতোই লইট্টা মাছ ৮০ থেকে ১২০ টাকায়, তেলাপিয়া ১৩০ থেকে ১৪০ টাকায় ও রুই মাছ ১৮০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছিল।

হাঁড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকায় এবং হাঁড়সহ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।