মোবাইল ব্যাংকিং: লেনদেনকারীর ছবি নয় এখনই
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ছবি তোলার শর্ত স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
একইসঙ্গে গ্রাহকের মোবাইল সিম ছয় মাসের মধ্যে পুনঃনিবন্ধনের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোবাইল ব্যাংকিং যারা করছেন তাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্ট খোলার সময় ছবিসহ কেওয়াইসির যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। এজন্য ছবি রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।”
ছবি সংরক্ষণের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থাপনা ও ব্যয় দরকার সেটাও বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২ অগাস্ট এক সার্কুলারে পাঁচ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের ছবি তুলে রাখার নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
পাশাপাশি গ্রাহকের মোবাইল সিমের তথ্য যাচাই বাছাই করে প্রয়োজন অনুযায়ী ছয় মাসের মধ্যে পুনঃনিবন্ধন করারও নির্দেশনা দেওয়া হয়েছিল।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এ দুটি নির্দেশনাই স্থগিত করল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারটি সব মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
