২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের কাঁচাবাজারে ‘বৃষ্টির ধাক্কা’

সবজির দর নিয়ে স্বস্তির বাণী শোনাতে পারছেন না চট্টগ্রামের কাঁচাবাজারের বিক্রেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 08:32 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

রোজার আগে থেকে সবজির দর নিয়ে ক্রেতারা যেসব অভিযোগ করে আসছিলেন, রোজার পরও শুনতে হচ্ছে প্রায় একই কথা।

বিক্রেতারা কখনো বলেছেন, সরবরাহে ঘাটতি, কখনো টানা বৃষ্টি, কখনো চাহিদা বৃদ্ধি, আবার পরিবহন খরচ বেড়ে যাওয়ার কথাও বলেছেন কখনো।

আর শুক্রবার সবজির দর নিয়ে অখুশি ক্রেতাদের অভিযোগের পাল্টা জবাবে শুনতে হলো- বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে, তাই দামও বেড়েছে খানিকটা।

নগরীর বৃহত্তম পাইকারি কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে।

তবে ব্রয়লার মুরগির দাম কমেছে; স্থিতিশীল রয়েছে মাছ-মাংসের বাজার।

পাইকারি কাঁচা পণ্যের আড়ৎ বিসমিল্লাহ বাণিজ্যালয়ের কর্মকর্তা মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টানা বর্ষণের প্রভাবে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে গাড়ি আসছে কম।

তিনি বলেন, “আগে যেখানে প্রতি শুক্রবার সবজি নিয়ে ৩০/৪০টা ট্রাক বাজারে আসত এখন আসছে মাত্র চার থেকে পাঁচটি। বাজারে নতুন সবজি না আসা পর্যন্ত দামে কোন পরিবর্তন আসবে না।”

পণ্য না আসায় অধিকাংশ আড়ৎ খালি পড়ে আছে বলে দাবি জাহাঙ্গীরের।

রিয়াজউদ্দিন বাজারের সবজির আড়ৎ ঘুরে দেখা গেছে, বেশিরভাগ আড়ৎ দুয়েক পদের সবজি নিয়ে বসে আছেন বিক্রেতারা। 

খুচরা সবজি বিক্রেতা মো. বদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব সবজি।

“প্রতিকেজি করলা ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা ও ঝিঙে প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করছি।”

অন্যদিকে, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ টাকা ও টমাটো ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কমেনি কাঁচামরিচের দামও। প্রতিকেজি কাঁচামরিচ এখনও ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় কমেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে ডিমের দাম। রিয়াজউদ্দিন বাজারে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।

মাছের মানভেদে প্রতিকেজি লইট্টা মাছ ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

মাছ বিক্রেতা মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতিকেজি রুই মাছ ১৮০ থেকে মানভেদে ২৬০ টাকা পর্যন্ত, তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মাঝারি আকারের চিংড়ি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

গরুর মাংসও বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতিকেজি মাংস হাড়সহ ৪৫০ টাকায় এবং হাড়ছাড়া ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে।