মোবাইল অপারেটদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর
মোবাইল ফোন অপারেটরদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে একটি ‘উইন-উইন সিচুয়েশন’ তৈরি করতে চান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার সচিবালয়ে বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “এই সেক্টরে বিভিন্ন সমস্যা রয়েছে। সমস্যা আপনাদের দিকেও রয়েছে, আমাদের দিকেও রয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য একটি তা হলো- ডিজিটাল বাংলাদেশ তৈরি করা। এই লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে হবে।
“সমস্যার সমাধান করে একটি ‘উইন-উইন সিচুয়েশন’ তৈরি করতে চাই। আপনাদের জনমুখী টেলিকম সেক্টর তৈরি করতে হবে।”
গত মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এদিন প্রথম বৈঠকে বসেন তারানা হালিম। আব্দুল লতিফ সিদ্দিকীকে বাদ দেওয়ার পর এই মন্ত্রণালয়ে ৯ মাস ধরে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী ছিল না।
দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করার ঘোষণা দিয়ে অপারেটরদের কর্মকর্তাদের উদ্দেশে তারানা হালিম বলেন, “আমি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করতে চাই। দুর্নীতির বিষয়ে আপনাদের কোনো অভিযোগ থাকলে তা যে কেউ হোক, আমাকে জানাবেন এবং দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গঠনে সহায়তা করবেন।”
বৈঠকে অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা এই খাতে কর হার কমানো, সিম ট্যাক্স প্রত্যাহার ,প্রযুক্তি নিরপেক্ষতা এবং ‘সুষ্ঠু প্রতিযোগিতামূলক’ পরিবেশ তৈরিসহ বিভিন্ন দাবি জানান।
অপারেটরদের বিভিন্ন সমস্যা ও সেক্টরের বর্তমান পরিস্থিতি নিয় প্রায় এক ঘণ্টা আলোচনা চলে।
মোবাইল অপারেটরদের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “টেলিকম সেক্টরে স্টেকহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। আগামীতে প্রযুক্তি নিরপেক্ষতা, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি), টেলিযোগাযোগ নীতিমালা হালনাগাদ ইত্যাদি বিষয়গুলো আলোচনার মাধ্যমেই করা হবে।”
বৈঠকে বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, গ্রামীণফোনের সিইও রাজীব শেঠী, বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা, রবির এমডি ও সিইও সুপুন বীরাসিংহেসহ এয়ারটেল ও সিটিসেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
