বাংলাদেশকে ২০ কোটি ইউরো দেবে জার্মানি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে ২০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি।
ঢাকায় জার্মানির নতুন রাষ্ট্রদূত থমাস হেইনরিখ প্রিন্স এই বার্তা নিয়ে বুধবার দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে নতুন জার্মান রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ সঠিক পথেই রয়েছে।
বাংলাদেশের উন্নয়নে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশের বিকাশমান তথ্য প্রযুক্তি খাতে তার দেশ থেকে বিনিয়োগ আসবে বলেও আশা প্রকাশ করেন হেইনরিখ প্রিন্স।
বর্তমানে জার্মানিতে লেখাপড়ার জন্য প্রায় ১৫০০ বাংলাদেশি ছাত্র ভিসা পাচ্ছে জানিয়ে এই সংখ্যা আরও বাড়বে বলেও আভাস দিয়েছেন তিনি। বাংলাদেশে বায়োগ্যাসের সম্ভাবনার কথাও বলেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বঙ্গবন্ধুর প্রশংসা করে জার্মান রাষ্ট্রদূত বলেন, “তিনি একজন বিখ্যাত বক্তা ছিলেন। জার্মানির মানুষ তাকে উঁচু মর্যাদার আসনে রেখেছে।”
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমায় আক্রান্তদের বার্ন ইউনিটে দেখতে যাওয়ার কথাও সাক্ষাতে হেইনরিখ প্রিন্স উল্লেখ করেন বলে জানান প্রেসসচিব।
নতুন একটি বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠায় জার্মানি সহায়তা করবে বলেও জানান রাষ্ট্রদূত।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার পৃথক একটি বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে।
বাংলাদেশ জন্মের পর থেকেই উন্নয়ন কর্মসূচিতে জার্মানির সহযোগিতার কথা স্মরণ করে ইউরোপের দেশটির প্রশংসা করেন শেখ হাসিনা।
বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা তুলে ধরে তার সুযোগ নিতে জার্মানির প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পেও দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা রাষ্ট্রদূতের মাধ্যমে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে বাংলাদেশে সফরে আসারও আমন্ত্রণ জানান।
