মধ্যপাড়ার গ্রানাইট পণ্যের প্রসারে কাজ করবে দুই সংস্থা
এইচবিআরআই গ্রানাইট পণ্যগুলোকে বৈচিত্র্যময় করার জন্য গবেষণা সুবিধা দিয়ে সহযোগিতা করবে। আর ডায়াডিক রিসার্চ করবে প্রচার ও বিপণন।
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রানাইট খনি কোম্পানি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পণ্যের প্রসারে কাজ করবে গবেষণা সংস্থা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) ও ডায়াডিক রিসার্চ ইমপ্যাক্টস।
গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত টেকসই আবাসন ও বিল্ডিং উপকরণ গবেষণা এবং প্রচারের প্রধান গবেষণা প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের গ্রানাইট পণ্যগুলোকে বৈচিত্র্যময় করার জন্য গবেষণা সুবিধা দিয়ে সহযোগিতা করবে। আর জলবায়ু-স্মার্ট সমাধান প্রচারে নিবেদিত বহুমুখী গবেষণা সংস্থা ডায়াডিক রিসার্চ ইমপ্যাক্টস বিভিন্ন মাধ্যমে পণ্যগুলোর প্রচার ও বিপণন করবে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য বিকল্প এবং পরিবেশগতভাবে টেকসই পণ্যের বিকাশ ও প্রচারে গত মঙ্গলবার হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও ডায়াডিক রিসার্চ ইমপ্যাক্টসকে নিয়ে আয়োজিত এক ত্রিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত হয়।
রোববার ডায়াডিক রিসার্চ ইমপ্যাক্টসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ডি এম জোবায়েদ হোসেন, ডায়াডিক রিসার্স ইম্প্যাকটসের প্রধান পরিচালন কর্মকর্তা আ ম ম ফজলুর রাশিদ, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গবেষণা কর্মকর্তা স্থপতি মো. নাফিজুর রহমানসহ তিন সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
