২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সিআইআইই মেলায় ওয়ালটন

এ প্রদর্শনী চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 09:14 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

চীনের সাংহাইতে চলমান ‘চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোর (সিআইআইই)’ আসরে প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। 

এক্সপোতে ওয়ালটন পণ্যের প্রযুক্তি ও ফিচার, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ের সক্ষমতার মত বিষয়গুলো বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরা হবে। 

সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশেন সেন্টারে ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী এ প্রদর্শনী। এক্সপো চলবে ১০ নভেম্বর পর্যন্ত। 

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ ব্যবসায়ী, আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মেলায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় ওয়ালটন প্রথমবারের মত এই এক্সপোতে অংশ নিয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, “সিআইআইই মেলায় অংশগ্রহণের মাধ্যমে ওয়ালটন এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে এক সেতুবন্ধন তৈরি হবে। আশা করছি, এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ব্যাপকহারে বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্ডার পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগও তৈরি হবে।”

তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে আসছে ওয়ালটন। এসব মেলায় সাশ্রয়ী মূল্য ও উচ্চমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের ‘প্রসংশা’ কুড়িয়েছেন তারা।