১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিমুর-লেস্তে আসিয়ানে: ‘নতুন সম্পর্ক গড়ার সুযোগ’ দেখছেন অনারারি কনসাল

“তিমুর-লেস্তে আসিয়ানে যুক্ত হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান এই অর্থনীতির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।”

তিমুর-লেস্তে আসিয়ানে: ‘নতুন সম্পর্ক গড়ার সুযোগ’ দেখছেন অনারারি কনসাল
ঢাকায় তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 07:38 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

এশিয়ার নবীনতম দেশ তিমুর-লেস্তে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে যোগ দিয়েছে। 

রোববার কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে অন্য সদস্য দেশগুলোর পতাকার পাশে একাদশ সদস্য হিসেবে তিমুর-লেস্তের পতাকা উত্তোলন করা হয়।

দেশটির অনারারি কনসালের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিমুর-লেস্তে আসিয়ানে যুক্ত হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান এই অর্থনীতির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।” 

ঢাকায় তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ বলেন, “তিমুর-লেস্তের আসিয়ানে যোগদান তাদের জনগণের জন্য এক ঐতিহাসিক অর্জন, আর আমাদের দেশের জন্য এটি নতুন সম্পর্ক গড়ার সুবর্ণ সুযোগ।  

“তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে আমি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে এবং তিমুর-লেস্তের উন্নয়ন যাত্রায় বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।” 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম শীর্ষ উদ্যোক্তা ও   শিল্পপতি এবং এনভয় টেক্সটাইলস ও শেল্‌টেক্‌ গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও উদীয়মান এশীয় বাজারগুলোর মধ্যে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন। 

তার ভাষ্য, “তিমুর-লেস্তের আসিয়ানে অন্তর্ভুক্তি বাণিজ্য, বিনিয়োগ, নির্মাণ, অবকাঠামো, শিক্ষা ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনারারি কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কুতুবউদ্দিন আহমেদ তিমুর-লেস্তেতে বাংলাদেশের শিল্প উন্নয়ন, টেকসই উৎপাদন এবং প্রযুক্তিগত দক্ষতার প্রচারে কাজ করে যাচ্ছেন। 

তার মতে, আসিয়ানের নতুন কাঠামো দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ, বিনিয়োগ এবং নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গির আদান-প্রদানের জন্য ‘একটি আদর্শ প্ল্যাটফর্ম’ তৈরি করবে।