ব্যবসায়ীদের দেশের স্বার্থ স্মরণ করালেন অর্থ উপদেষ্টা
উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বিগত দিনে প্রবৃদ্ধি আর মাথাপিছু আয়ের অনেক গল্প মানুষকে শোনানো হয়েছে।
ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার দুপুরে পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কয়েকটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান
প্রথমে উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের
(বিজিএমইএ) প্রতিনিধিদলের বৈঠক হয়।
উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সেখানে বলেন, “বিগত দিনে প্রবৃদ্ধি আর মাথাপিছু আয়ের অনেক গল্প মানুষকে শোনানো হয়েছে। ঢাকা শহর থেকে বের হয়ে গ্রামে গিয়ে সেই প্রবৃদ্ধি আর খুঁজে পাওয়া যায় না।
“প্রকৃত পক্ষে তখন অর্থের অপচয় হয়েছে। যেসব প্রকল্পের দরকার ছিল না তা নেওয়া হয়েছে। পাঁচ টাকার কাজ অবৈধ সুবিধা দিতে ১০ টাকায় দেওয়া হয়েছে।
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি তৈরি পোশাক খাত। বর্তমান প্রেক্ষাপটে নগদ সহায়তা না পেলে সেক্টরটি ক্ষতিগ্রস্ত হবে।
এসময় সরকারের কাছে নগদ সহায়তার পাশাপাশি ঋণ সহায়তার দাবি জানান কয়েকজন উদ্যোক্তা।
এসময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, প্রথম সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন।
পরে উপদেষ্টা ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স অব বাংলাদেশ (আইসিসিবি) এর এক প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করেন।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি এ কে আজাদ, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, মীর কনট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির উদ্দীন, স্কয়ার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং মার্ক অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক মতবিনিময়ে অংশ নেন।
পরে উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, “ব্যবসায়ীদেরকে বলেছি স্বচ্ছতার সাথে সৎ ব্যবসা করেন, আমরা সহযোগিতা করব। আন্ডার দ্য টেবিল কোনো কাজ হবে না। ভালো লোকের ভালো কাজে তারা (ব্যবসায়ীরা) এক স্টেপ এগিয়ে আসলে আমরা দুই স্টেপ এগিয়ে আসব।”
আরেক প্রশ্নে তিনি বলেন, “আরও বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। এর জন্য শর্ত হলো ব্যবসার পরিবেশ, ব্যবসাকে সহজ করা। অর্থাৎ আমাদের ব্যবসা করার পরিবেশ ঠিক করতে হবে, অন্যথায় বেসরকারি খাত আসবে না।
“আমরা চাই ব্যবসা-বাণিজ্যের উন্নতি হোক। যুক্তরাজ্য সরকার অতীতে খুব সহায়ক ছিল এবং আমি আশা করি আগামী দিনেও তারা সহায়ক হবে।”
ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক
বিকালে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশের বড় ছয়টি ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের মতবিনিময় হয়।
সেখানে উপদেষ্টা বলেন, “আমাদের দেশে নিত্যপণ্যের মধ্যে তেল ও চিনির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এগুলোর সরবরাহ চেইন সচল রাখা এবং জনগণের কাছে যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের চাওয়া। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।”
এলসি খোলা ও এলসি মার্জিন কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো যাবে না। ব্যবসা বাণিজ্যে ব্যাড প্রাক্টিস কমাতে হবে।
প্রতি কেজি চিনিতে ব্যবসায়ীদের ৪২ টাকা ভ্যাট ও অন্যান্য ট্যাক্স পরিশোধ করতে হয়। এটা অন্যায্য উল্লেখ করে তারা বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নেই।
বিদ্যমান ভ্যাট ও ট্যাক্স পুননির্ধারণের দাবি জানান তারা।
ব্যবসায়ীরা দেশে নিত্যপণ্যের চাহিদা ও মজুত পরিস্থিতি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টাকে অবহিত করেন।
মতবিনিময় সভায় দেশবন্ধু গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, মেঘনা গ্রুপ, টি কে গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধি অংশ নেন।
