২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি সেবা দিতে বাংলালিংক ও এসবিএসি ব্যাংক চুক্তি

এর মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের আরও উন্নত ব্যাংকিং সেবা দিতে পারবে বলে চুক্তি সই অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 06:53 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

এসএমএস ও ভয়েস কানেকশনের করপোরেট সেবার পাশাপাশি আইসিটি সেবার বিষয়ে ডিজিটাল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তি করেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি)।

রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেনে’ সম্প্রতি এ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয় বলে কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ চুক্তির আওতায়, এসবিএসি ব্যাংকের জন্য এসএমএস ব্রডকাস্ট ও ভয়েস কানেকশন (করপোরেট কানেক্টিভিটি) সহ আইসিটির সেবার সব সমাধান নিশ্চিত করবে বাংলালিংক। 

এসবিএসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিএফআইডি অ্যান্ড জিএসডি মোহাম্মদ শফিউল আজম এবং বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন চুক্তিতে সই করেন।

এসময় বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মো. ফয়জুল করিম এবং এসবিএসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলালিংকের রুবাইয়াত এ. তানজিন বলেন, “বিভিন্ন খাতে উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে উদ্ভাবনী ডিজিটাল সমাধান নিশ্চিতে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস টিম নিরলস কাজ করে যাচ্ছে। ডিজিটাল অপারেটর হিসেবে আমরা আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের ব্যবসায়িক কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।

“আমাদের বিস্তৃত পরিসরের আইসিটি সমাধানের মাধ্যমে এসবিএসি ব্যাংক উপকৃত হবে বলে আশাবাদী আমরা। আমরা বিশ্বাস করি, প্রতিষ্ঠানটির উন্নত ব্যাংকিং পণ্য ও সেবা দিয়ে আরও বেশি গ্রাহককে সন্তুষ্ট করতে সক্ষম হবে।”

এসবিএসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিএফআইডি অ্যান্ড জিএসডি মোহাম্মদ শফিউল আজম বলেন, “ডিজিটাল ইকোসিস্টেমের বিভিন্ন অংশীদার ও ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।

”বাংলালিংকের অত্যাধুনিক আইসিটি সমাধানের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতা আরও বেশি সমৃদ্ধ করার সুযোগ পাব।”