১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোকা-কোলায় প্রথম বাংলাদেশি নারী এমডি জু-উন নাহার

এর আগে তিনি এপেক্সের বিপণন পরিচালক ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 09:57 PM

Updated : 22 Jan 2024, 09:57 PM

প্রথম বাংলাদেশি নারী কর্মকর্তা হিসেবে শীর্ষস্থানীয় পানীয় প্রস্তুতকারক কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জু-উন নাহার চৌধুরী। 

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বহুজাতিক কোম্পানিটি বলেছে, তিনি তা জি তুং এর স্থলাভিষিক্ত হবেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবেও কোম্পানির শীর্ষ এ পদে এলেন। 

জু-উন নাহার ২০২৩ সালে বাংলাদেশি জুতোর ব্র্যান্ড এপেক্সে বিপনণ পরিচালক হিসেবে কাজ করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থাপনা পরিচালক তার কর্মজীবন শুরু করেছিলেন ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং বিভাগের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। সেখানে তার নেতৃত্বে হওয়া দেশব্যাপী ‘লাইফবয় হাত ধোয়া ক্যাম্পেইন/হ্যান্ডওয়াশিং’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দেশের ৬০টির বেশি এলাকায় আট হাজার তরুণের অংশ নেওয়া ওই কর্মসূচি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়।

এরপর জু-উন নাহার রেকিট বেনকিজারে যোগ দিয়ে ইন্দোনেশিয়ায় দায়িত্ব পালন করেন। সেখানে ডেটলের ব্যবসা দেখভাল করার পর ডানোন ইন্দোনেশিয়ার হেড অব ইনোভেশন হিসেবে কাজ করেন। পরে   ‘একমার্স’ এর পিরচালক ছিলেন। 

ইন্দোনেশিয়ায় আট বছর কাটিয়ে ২০২৩ সালে দেশে ফিরে বাংলাদেশি জুতোর ব্র্যান্ড এপেক্স এর বিপনণ পরিচালক হিসেবে যোগ দেন জু-উন নাহার। 

কোকাকোলা বাংলাদেশ তার নিয়োগ সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কোম্পানির পক্ষ হয়ে পণ্য বোতলজাত, ব্যবসায়িক অংশীদার, ক্রেতা ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন জু-উন নাহার। 

কর্মজীবনে বহুমুখী দায়িত্ব পালন করা নতুন এমডি জু-উন নাহার বলেন, ‘‘কোকা-কোলার এই যাত্রায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের বিষয়। আমাদের ব্র্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি অপারেশনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমি আশাবাদী।”  

কোম্পানিটির দক্ষিণ-পূর্ব এশিয়া (এসডব্লিউএ) অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি অপারেশনের ভাইস প্রেসিডেন্ট অজয় বিজয় বাতিজা কোকা-কোলায় জু-উনকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের মতো তাৎপর্যপূর্ণ বাজারে টেকসই ব্যবসা গড়ে তোলা কোকা-কোলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই কোম্পানির যাত্রার একটি চমৎকার সময়ে জু-উন আমাদের সাথে যোগ দিয়েছেন। এফএমসিজি ও ই-কমার্স খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমাদের পার্টনাররা অনেক উপকৃত হবেন।”