ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ
“এমডি হিসেবে তাকে আর চাওয়া হচ্ছে না, এমনটা ভেবে তিনি পদত্যাগ করে থাকতে পারেন” বলে মনে করেন ব্যাংকটির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদুল আলম খান পদত্যাগ করেছেন; পদত্যাগ করেছেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল মতিনও।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু তাদের পদত্যাগের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
রোববার রাতে তিনি বলেন, “তার (তৌহিদুল আলম) মেয়াদ ছিল চলতি জানুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত। তবে তিনি ৭ ডিসেম্বরই পদত্যাগ করেন।
“বাংলাদেশ ব্যাংক তাকে নিয়োগ দিয়েছিল। এরপর তিনি নিজেও আর এ পদে থাকার জন্য কিছু বলেননি। তাই আমরাও তাকে রিনিউ করার কথা আর বলিনি।”
আবদুল আউয়াল মিন্টু বলেন, “এমডি হিসেবে থাকার জন্য তার সঙ্গে কোনো রকমের কথা হয়নি। তাই তিনি হয়ত ভেবেছেন, তাকে চাওয়া হচ্ছে না। এমনটা ভেবেও তিনি পদত্যাগ করে থাকতে পারেন।”
ডিএমডির পদত্যাগ বিষয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, “তিন মাসের নোটিশ পিরিয়ডের সময় দিয়ে তিনি পদত্যাগ করছেন। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন।”
ন্যাশনাল ব্যাংকের ঊর্ধতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৩ জানুয়ারি এমডি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নেওয়ার বিষয়টি তিনি মেইলেও জানিয়েছেন।”
এ বিষয়ে বক্তব্য জানতে তৌহিদুল আলম খানকে একাধিকবার মোবাইলে ফোন করা হয়। তবে কোনোবারই তিনি ফোন ধরেননি।
এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির পরিচালক ও কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কাগুজে বিল সৃষ্টি করে ঋণের ৪৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়। আসামি করা হয় দীর্ঘদিন ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা সিকদার পরিবারের কয়েক সদস্যকে।
সিকদার পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের জেরে ২০২৩ সালের ডিসেম্বরে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ ফারহাত আনোয়ারকে। তার সময়ে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ও ইউসিবির সঙ্গে এনবিএলকে একীভূত করার আলোচনা শুরু হয়।
আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আলোচনা আর এগোয়নি। এর মধ্যে ঋণ জালিয়াতি ও অনিয়মে ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটে পড়ে।
অগাস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ব্যাংক যখন ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়, তখন এর পর্ষদের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের হাতে।
পরে এ ব্যাংকের পুরনো উদ্যোক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন।
