২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘সহজক্যাশ’ অনুমোদনহীন, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক বলছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো এমএফএস চালুর অনুমোদন বাংলাদেশ ব্যাংকের নিকট প্রক্রিয়াধীন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 10:57 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা দিতে ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো কোম্পানিকে এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস) লাইসেন্স দেয়নি বাংলাদেশ ব্যাংক।

অনুমোদন না থাকায় ‘সহজক্যাশ’ এর সঙ্গে সব ধরনের লেনদেনে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, সহজক্যাশ প্রাক-পরিচালন পর্যায়ে আছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের ‘অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায়’ রয়েছে।

“প্রকৃতপক্ষে তথাকথিত ‘সহজক্যাশ লিমিটেড’ এর নামে এমএফএস চালুর কোনো আবেদন বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো এমএফএস চালুর অনুমোদন বাংলাদেশ ব্যাংকের নিকট প্রক্রিয়াধীন নেই।”

‘সহজক্যাশ লিমিটেড’ এর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সহজক্যাশ নামের কোনো কোম্পানির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

সহজ-এর প্রধান মানবসম্পদ ও পরিচালন কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, “জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম নকল করা কখনোই ভালো দৃষ্টান্ত নয়—এতে কেবল বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় সমস্যার সৃষ্টি হয়।”