প্রযুক্তির সংযোগে কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশন চান অর্থমন্ত্রী
অর্থমন্ত্রীর ভাষ্য, "বাণিজ্য সহজিকরণ ছাড়া ব্যবসায়ীর সময় ও খরচ হ্রাস করা সম্ভব নয়।"
আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন ও অন্যান্য আধুনিক প্রযুক্তির সংযোগে কাস্টমস বিভাগকে পূর্ণাঙ্গ অটোমেশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
শুক্রবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে কথা বলছিলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এনবিআর ভবনে এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেছেন, কাস্টমসের অন্যতম কাজ হচ্ছে বাণিজ্য সহজিকরণ।
“প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় বাংলাদেশ কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। আমদানি রপ্তানি বাণিজ্যের ব্যয় ও সময় কমিয়ে আনা হবে। সেজন্য পুর্ণাঙ্গ অটোমেশনের দিকে নজর দিতে হবে।
"বাণিজ্য সহজিকরণ ছাড়া ব্যবসায়ীর সময় ও খরচ হ্রাস করা সম্ভব নয়। যে কোনো দেশে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বাণিজ্য সহজিকরণ গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করে। কাস্টমসের কাজকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অটোমেটেড করার বিকল্প নেই। বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তি সহায়তা নিতে হবে।"
বাড়তি রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, “বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব। এই দায়িত্ব পালনে কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। আমি আশা করি কাস্টমস এই দিকটিতে বিশেষভাবে নজর দিবে।”
ভবিষ্যতে রাজস্ব আহরণের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "কোভিড মহামারীর ধাক্কা ও ইউক্রেইন যুদ্ধের কারণে টালমাটাল বৈশ্বিক পরিস্থিতি পেরিয়ে বাংলাদেশের অদম্য অগ্রগতি আজ সারাবিশ্বের কাছে বিস্ময়। রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধিসহ অর্থনীতির সব সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি হলেও এখনও আমরা কর-জিডিপির অনুপাত সন্তোষজন পর্যায়ে নিতে পারিনি। এনবিআর ভবিষ্যতে কর-জিডিপির অনুপাত বাড়াতে সচেষ্ট হবে বলে আমি আশা করি।"
ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের কর-জিডিপির গড় অনুপাত ৯ দশমিক ৯ শতাংশ, সেখানে ভারতের ১৯ দশমিক ৬৭ শতাংশ, নেপালের ২১ দশমিক ৫০ শতাংশ, পাকিস্তানের ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং শ্রীলঙ্কার ছিল ১২ দশমিক ৭৪ শতাংশ।
অনুষ্ঠানে অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার বলেন, বাজেটের মূল চালিকা শক্তি হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ থেকে আয়।
“মোট রাজস্ব আয়ে ২৭ থেকে ২৮ শতাংশ আয় হলেও এর গুরুত্ব সব সময় থাকবে। আমাদের আয়-ব্যয়ের মধ্যে যে বড় একটা গ্যাপ সেটা আমরা এখন বিশ্ব ব্যাংক, এডিবিসহ অন্যান্য সংস্থা থেকে ঋণ নিয়ে পূরণ করে থাকি। আমরা এলডিসি থেকে গ্রাজুয়েশনের পর্যায়ে এসে যাওয়ায় এই ঋণ নেওয়ার সুযোগটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। সে কারণে আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকে আয় বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি।”
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম বলেন, “আমাদের রাজস্ব আদায়ের খরচ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কিন্তু এটি কোনোভাবেই গর্বের বিষয় নয়। এটি সক্ষমতা বাড়ানোর জায়গায় আরও বেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাই বলে।”
অনুষ্ঠানে কর আহরণে অবদান রাখার জন্য কয়েকজন কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়, কৃষি মন্ত্রণালয় ও এনটিএমসিকে পদক দেওয়া হয়।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়াম্যান আবদুল মুক্তাদির অনুষ্ঠানে বলেন, “ঔষধ শিল্পের একেকটি পণ্য আমদানি করতে ৭ থেকে ৮ মাস সময় লেগে যায়। এখানে বিশ্ব বাণিজ্যের অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে। এই সময়টা আরও কমিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
“কাস্টমসে দেওয়া কোনো তথ্যে সংখ্যাগত বা অন্য কোনো ভুল হলে সেটা সংশোধন করতেও সময় লেগে যায় ৭ থেকে ৮ দিন। অথচ এগুলো আরও কম সময়ে করা সম্ভব।”
ওষুধ শিল্পের কাঁচামালগুলো প্যাকেজিং খুলে পরীক্ষা করলে সেটি নষ্ট হয়ে যায় অভিযোগ করে মুক্তাদির বলেন, "এর চেয়ে বরং উন্নত প্রযুক্তির স্ক্যানার ব্যবহার করেও পরীক্ষাটা করা যায়।"
ব্যবসায়ীদের সঙ্গে সহযোগিতার পরিবেশ বাড়াতে প্রয়োজনে তিন মাস পর পর ওষুধ শিল্প মালিকদের সঙ্গে এনবিআর বা কাস্টমস কর্মকর্তাদের মতবিনিময় সভা করার পরামর্শ দেন তিনি।
আন্তর্জাতিক বাণিজ্যে ট্যারিফ সংক্রান্ত নীতিমালা বিশ্লেষণে ১৯৪৭ সালে ১৩টি ইউরোপীয় দেশের একটি স্টাডি গ্রুপ গঠনের করা হয়েছিল।
১৯৫৩ সালের ২৬ জানুয়ারি ব্রাসেলসে এর প্রথম আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সংঘটি ১৯৯৪ সালে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বা ডব্লিসিও নামে আত্মপ্রকাশ করে। প্রথম সভার দিনটিকে স্মরণীয় করে রাখাতে ২০০৯ সাল থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে। ১৯৯৪ সাল থেকেই বাংলাদেশ ডব্লিউসিওর সক্রিয় সদস্য।
