১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এশিয়ান ট্যুরিজম ফেয়ারের’ পর্দা উঠছে বৃহস্পতিবার

দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর ও ট্র্যাভেল এজেন্সি, থিম পার্ক ও পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা অংশ নেবে এ মেলায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ঢাকায় পর্যটন বিষয়ক মেলা ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ এর দ্বাদশ আসরের পর্দা উঠছে বৃহস্পতিবার।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) তিন দিনের এই মেলা হবে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল সংবাদ সম্মেলনে বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় ‘পর্যটন বিচিত্রার’ আয়োজনে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবারের এই মেলা হচ্ছে।

তিনি বলেন, “এই আয়োজন কেবল একটি মেলা নয়—এটি পর্যটন ব্যবসায়ীদের মিলনমেলা এবং বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের মেলায় দেশ ও বিদেশ ভ্রমণের নানা প্যাকেজ অফার, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন, ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা ও সেমিনারসহ নানা আয়োজন থাকবে।

এছাড়া মেলায় থাকবে বাংলাদেশ ও ফিলিপিন্স দূতাবাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’ নামে আরেকটি আয়োজন থাকবে; যেখানে পর্যটন খাতের আসন্ন প্রকল্প এবং স্থানীয় বিনিয়োগের সুযোগ উপস্থাপন করা হবে বলে আয়োজকদের ভাষ্য।

মহিউদ্দিন হেলাল জানান, এবারের মেলায় দুটি হলে ১৮০টি বুথ থাকবে, যেখানে দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর ও ট্র্যাভেল এজেন্সি, থিম পার্ক ও পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা অংশ নেবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা, তবে অনলাইনে রেজিস্ট্রেশন করলে প্রবেশ করা যাবে বিনামূল্যে।

এছাড়া প্রবেশ কুপনের বিপরীতে দর্শনার্থীরা অংশ নিতে পারবেন র‌্যাফেল ড্রতে; যেখানে এয়ারলাইন্স টিকিটসহ নানা ভ্রমণ ভাউচার জেতার সুযোগ থাকবে।

মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল।

অন্যদের মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা, ঢাকায় ফিলিপিন্স দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিন আর গুতেররেজ, মালদ্বীপ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার আলী শাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ সামসুল করিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।