পেঁয়াজ শতক ছুঁইছুঁই, সবজি-ডিমের দামও চড়া
দুই-একটি বাদ দিলে বাজারে অধিকাংশ সবজির দামই এখন ৮০ থেকে ১০০ টাকা।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ৮০ টাকার কমে বাজারে সবজি নেই বললেই চলে। বেড়েছে ডিমের দামও।
বিক্রেতারা বলছেন, কিছু সবজির দাম পাইকারি পর্যায়ে কমেছে, আবার কিছু-কিছু সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আর, পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় বাজারে দাম বেড়ে গেছে।
শুক্রবার রাজধানীর মহাখালী এবং সাত তলা কাঁচাবাজার ঘুরে শাকসবজি এবং মসলাজাতীয় পণ্যের দামের এ চিত্র দেখা গেছে।
শত ছুঁই ছুঁই পেঁয়াজ, ক্রেতার ‘আফসোস’
১৫ দিন আগেও বাজারে দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা বিক্রি হয়েছে। তবে, দাম বেড়ে শুক্রবার এ পণ্যটি ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছিল।
বিক্রেতারা জানিয়েছেন, বাজারে এখন ভারত থেকে আমদানি করা পেঁয়াজ নেই। গেল সপ্তাহে বাজারে দেশি পেঁয়াজ মিলছিল ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। তবে, শুক্রবার কিছু দোকানে মানভেদে দাম বেড়ে ৯০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছিল।
দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে সাত তলা কাঁচাবাজারের বিক্রেতা আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় বাজারে দাম কিছুটা বাড়তি। মৌসুমে যারা কিনে গুদামে রেখেছিল, মূলত সেসব পেঁয়াজ এখন বাজারে উঠছে। তাই দাম চড়া। কেউ বেশি কিনলে ৮০ টাকা কেজিও বিক্রি করছি।”
বাজারে পেঁয়াজ কিনছিলেন বেসরকারি চাকরিজীবী তালাত মাহমুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দিন আগে ৮০ টাকা দাম চাওয়ায় ভাবলাম পরে কিনি। আজ এসে দেখি ৯০ টাকা করে কেজি চাইছে। না কিনে ভুল করলাম মনে হচ্ছে।”
৮০ টাকার নিচে সবজি ‘নেই’
বাজারে পেঁয়াজের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কিছু-কিছু সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। দুই-একটি বাদ দিলে বাজারে অধিকাংশ সবজির দামই এখন ৮০ থেকে ১০০ টাকা।
বেগুন প্রকারভেদে কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকা, বরবটি কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা কেজিতে ৪০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবচেয়ে সস্তা সবজি পেঁপেও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কম দামের মধ্যে কাঁচাকলা হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে, চাল কুমড়া ৫০ টাকা প্রতিটি, মুলা ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচামরিচের দাম প্রকার ও মানভেদে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। গেল সপ্তাহে ১৬০ থেকে ২০০ টাকা বিক্রি হওয়া কাঁচামরিচ এ সপ্তাহে ২৪০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে।
এছাড়া, বাজারগুলোতে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, গাজর ১৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা ও হাইব্রিড শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
সাত তলা কাঁচাবাজারের সবজি বিক্রেতা রিয়াদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু সবজির দাম পাইকারি পর্যায়ে বেড়েছে। আবার কিছু-কিছু সবজির সরবরাহ কম। সব মিলিয়ে বাজারে দাম বেড়ে গেছে। আবহাওয়া ভালো হলে, সরবরাহ আরও বাড়লে দাম কমতে পারে।”
সবজির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। মহাখালী কাঁচাবাজারে সবজি কিনতে আসা গৃহিণী জেসমিন বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৮০ টাকার নিচে প্রায় কোনো সবজিই নেই পেঁপে ছাড়া। মানুষ খাবে কি। কিছুদিন সুন্দর দাম নিয়ন্ত্রণে ছিল। এখন শুধু বৃষ্টির অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছে। বর্ষাকালে তো বৃষ্টি হবেই। কিন্তু, খেয়াল করলাম নিয়মতান্ত্রিকভাবে দাম বাড়েনি।”
ডিম বেড়েছে ডজনে ১০ টাকা
বাজারে ডিমের দামও বেড়েছে। মহাখালী কাঁচাবাজারের ‘মায়ের দোয়া ট্রেডার্স’ এর বিক্রেতা মো. রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খামারের মুরগির লাল ডিম গত সপ্তাহে ১৩৫ থেকে ১৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ডজন প্রতি ১০ টাকা বেড়ে ১৪৫ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। তবে, হাঁসের ডিম গেল সপ্তাহের মতোই ২১০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
