১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিবন্ধিত সিমের ৪২% নিষ্ক্রিয়

রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল অপারেটর টেলিটকের নিবন্ধিত সিমের ৫৫ শতাংশই নিষ্ক্রিয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 07:30 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

দেশে নিবন্ধিত মোবাইল সিমের ৪১ দশমিক ৭৮ শতাংশই নিষ্ক্রিয় বলে জাতীয় সংসদে তথ্য দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এর মধ্যে সক্রিয় সিম ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজারটি। 

এ হিসাবে দেশে নিবন্ধিত মোবাইল সিমের মধ্যে ১৩ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯৭০ নিষ্ক্রিয়। আর রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল অপারেটর টেলিটকের নিবন্ধিত সিমের ৫৫ শতাংশই নিষ্ক্রিয়।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ময়মনসিংহ-৬ আসনের আব্দুল মালেক সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য দেন প্রতিমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

কোন অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা কত এবং এর কত শতাংশ নিষ্ক্রিয়, সে তথ্যও সংসদে দেন প্রতিমন্ত্রী।

অপারেটর

মোট নিবন্ধিত সিম

সক্রিয় সিম

নিষ্ক্রিয় সিম

গ্রামীণফোন

১১,৯৫,৬৭,৯২৫

৮,৩৯,৫০,০০০

৩,৫৬,১৭,৯২৫

বাংলালিংক

৯,০৭,৬৫,৯৬২

৪,৪৭,২০,০০০

৪,৬০,৪৫,৯৬২

রবি আজিয়াটা

১০,৭৯,৬১,৮০০

৫,৮৫,১০,০০০

৪,৯৪,৫১,৮০০

টেলিটক

১,৪৪,৬১,২৮৩

৬৫,৫০,০০০

৭৯,১১,২৮৩

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র এমপি মো. নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে বর্তমানে লাইসেন্সধারীর ইন্টারনেট সরবরাহকারীর সংখ্যা দুই হাজার ৬৫০।

সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে পলক জানান, ২০১৯ সালে বিটিসিএলের গ্রাহক সংখ্যা ছিল ৫ লাখ ১৯ হাজার ৯২২ জন। ২০২৪ সালে ১২ জুন সে সংখ্যা কমে হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৫০ জন। অর্থাৎ, ৫ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ১ লাখ ৪৫ হাজার ৯৭২ জন।