১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতের কাছে পেঁয়াজসহ নিত্যপণ্যের ‘অবাধ’ সরবরাহ চাইলেন হাছান

ব্রিকসের বাংলাদেশে সদস্য হওয়ার বিষয়ে ভারতের সহযোগিতাও চেয়েছেন তিনি।

ভারতের কাছে পেঁয়াজসহ নিত্যপণ্যের ‘অবাধ’ সরবরাহ চাইলেন হাছান
বৃহস্পতিবার দিল্লিতে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের এক আয়োজনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 01:30 AM

Updated : 26 Aug 2026, 09:59 AM

পেঁয়াজসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের এক আয়োজনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে এ অনুরোধ জানান তিনি।

বাংলাদেশে তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল প্রেরণের বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য ভারতকে সাধুবাদ জানানোর পাশাপাশি ত্রিপক্ষীয় উদ্যোগে ভারতের গ্রিড ব্যবহার নেপাল থেকে বিদ্যুৎ আনার ব্যবস্থা নেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্রিকসের বাংলাদেশে সদস্য হওয়ার বিষয়ে ভারতের সহযোগিতাও চেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সফর শেষে বুধবার রাতে বেইজিং থেকে দিল্লির উদ্দেশে রওনা হন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বিমসটেক রিট্রিট সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং আসন্ন ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনকে সফল ও ফলপ্রসূ করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন। নেপালের প্রতিনিধিত্ব করছেন তাদের পররাষ্ট্র সচিব।

আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আঞ্চলিক এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সংযোগ এবং নীল অর্থনীতির ক্ষেত্রে কার্যকর সহযোগিতার ওপর জোর দেন।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন হাছান। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।