দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী
“এটি কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক জোট গঠনের একটি শক্তিশালী ভিত্তি হিসেবেও কাজ করবে,” বলেন তিনি।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া ‘কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (সিইপিএ) দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, এটি কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক জোট গঠনের একটি শক্তিশালী ভিত্তি হিসেবেও কাজ করবে।
সোমবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সম্মানে নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের জন্য দেশটির এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“বাংলাদেশ ও কোরিয়ার সম্পর্ক উন্নয়ন সহযোগিতা থেকে শুরু হয়ে আজ বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, উদ্ভাবন এবং যৌথ সমৃদ্ধির দৃঢ় অংশীদারিত্বে পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক সম্পৃক্ততার নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এ প্রেক্ষাপটে ‘সিইপিএ’ চুক্তি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর ও বহুমাত্রিক করবে।”
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বলেন, “বাংলাদেশের অর্থনীতি, শিল্পভিত্তিক বৃহৎ বাজার দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বড় সম্ভাবনা সৃষ্টি করেছে।”
চট্টগ্রামে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত সম্পন্ন করাকে অগ্রাধিকার দিয়েছেন।
তিনি বলেন, “প্রস্তাবিত চুক্তি আগামী দুই দশকে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। চুক্তির মাধ্যমে একটি স্থিতিশীল আইনি কাঠামো গড়ে উঠবে, যা বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী।
সেখানে বাংলাদেশে জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল ও সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান করেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ কোরিয়ান কোম্পানিগুলো জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে বাংলাদেশের তরফে।
নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
