বিনিয়োগ বাড়াতে জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্কে আগ্রহী বাংলাদেশ: ইউনূস
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে দেশটির সহযোগিতা চান তিনি।
জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
বিশ্বব্যাপী ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে জার্মানির নেতৃত্ব দেওয়ার কথা তুলে ধরে
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান।
জারাহ ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করছেন বলে জানিয়েছে বাসস। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
তিনি বলেন, “আমি আপনার কাজের বড় অনুরাগী।”
জার্মান সরকারের কমিশনার জার্মানিতে সামাজিক ব্যবসা চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে।
”নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার। আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি।”
বৈঠকে তারা থ্রি জিরো আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
