গুলশানের ডরিন হোটেলকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা
ডরিন কর্তৃপক্ষকে ডাকা হয়েছে ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে।
ঢাকার গুলশানে ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার মেলায় প্রতিষ্ঠানটিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবারের এই অভিযানে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকারের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডরিন হোটেলে এক মাস আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এমন বিপুল পরিমাণ সোডা ওয়াটার সংরক্ষিত করে রাখা হয়েছিল। এছাড়া বিভিন্ন রকম মেয়াদোত্তীর্ণ এবং তৈরি খাবারের বেচে যাওয়া অংশ ফ্রিজে সংরক্ষিত করে রাখা হয়েছিল।
“এরকম ১১টি খাবারের বাক্স আমরা পেয়েছি। চিলি পেস্টের মেয়াদ ফুরিয়ে গেলেও তাতে নতুন করে মেয়াদ বাড়িয়ে বসানো হয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা, ৫১ ধারা এবং ৫৩ ধারা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।”
এরপর কেন প্রতিষ্ঠানটিকে ব্যবসা করতে দেওয়া হবে, তার ব্যাখ্যা করার জন্য বুধবার তাদেরকে প্রধান কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানান তিনি।
অভিযানের সময় ডরিন হোটেলের একজন প্রতিনিধি অপরাধগুলোর জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি জরিমানার পরিমাণ কমিয়ে দিতে কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
তবে মেয়াদোত্তীর্ণ খাবার সম্পর্কে অন্য কোনো ব্যাখ্যা আছে কি না, তা জানতে প্রতিষ্ঠানটির দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও বক্তব্য দেওয়ার মতো কাউকে পাওয়া যায়নি।
অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান অভিযানের বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, “ডরিন গুলশানের একটি পাঁচ তারকা হোটেল। সুনির্দিষ্ট তথ্য এবং অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
“অতি উচ্চমূল্যের এ হোটেলের রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ সামগ্রী দিয়ে খাবার তৈরি করে পরিবেশন করা হয়। এছাড়া অবিক্রিত খাবার বক্সে ভরে পরের দিন বিক্রির জন্য রেফ্রিজারেটরে রেখে দেওয়া হয়। এখানে উচ্চবিত্ত এবং বিদেশি গ্রাহকরা যাতায়াত করে। ভোক্তার টিম অভিযান শেষে আমাকে যে তথ্য জানালো, তা শুনে আমি হতভম্ব!”
