১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ‘ইতিবাচক পরিবর্তন’ আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

“কিছু মানুষ রোজার মাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যারা মূল্য বৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

বাজার ব্যবস্থাপনায় শিগগিরই ‘ইতিবাচক পরিবর্তন’ আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

সোমবার দুপুরে আকস্মিকভাবে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, বাজার পরিস্থিতি ‘সন্তোষজনক’ রয়েছে।

আব্দুল মুক্তাদির বলেন, “বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। কিছু মানুষ রোজার মাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যারা মূল্য বৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে।”

তিনি বলেন, বাজার ‘পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক’ করতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার।

“তবে সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। সবাই সহযোগিতা করলে জনগণকে স্বস্তি দিতে পারব।”

মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং পণ্যের দর যাচাই করেন। পুরো ঢাকা শহরে একযোগে তদারকি করা প্রশাসনিকভাবে যে ‘চ্যালেঞ্জিং’, সে কথা তুলে ধরে তিনি বলেন, “ঢাকার মত বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবে সম্ভব নয়। 

“তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।”

বাজার গুটিকয়েক সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে–এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, “বাজার যেন গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি না থাকে, সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে এবং খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।”

ব্যবসায়ীদের ‘অতি মুনাফার লোভ’ ত্যাগ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও রমজানের আগে যে পণ্য ৪০-৫০ টাকা ছিল, তা হুট করে ১২০ টাকায় উঠে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কারোরই ভালো লাগার কথা নয়। বাজার যাতে নির্দিষ্ট মানুষের হাতে না যায়, সে ব্যাপারে আমরা সজাগ আছি।”

সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডলের ওপর ব্যবসায়ী ও তাদের কর্মকর্তাদের চড়াও হওয়া এবং হুমকি দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলছে।”

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিচিত্র বড়ুয়া এসময় উপস্থিত ছিলেন। 

পরে বাণিজ্যমন্ত্রী দেশের বৃহৎ পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজারে পরিদর্শনর যান। সেখানে ক্রেতা ও বিক্রেতাদের কাছে বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।