২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আইন সংশোধন: আইএলওর সঙ্গে ‘৪১ পয়েন্ট নিয়ে’ আলোচনা

“আন্তর্জাতিক শ্রম সংস্থার কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 08:28 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলওর সঙ্গে ৪১টি পয়েন্টে বিস্তারিত আলোচনা চলছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইএলওর একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর তিনি সংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেন। আইন ও বিচার বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "শ্রম আইন সংশোধনে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। সেগুলোর মধ্যে আজ প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনার বাকি আছে। সেগুলো নিয়ে আগামীকাল আলোচনা করা হবে।"

আনিসুল হক বলেন, “আজকের বৈঠকে বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারব, কোনটা গ্রহণ করতে পারব না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে।”

গতবছর ২৯ অক্টোবর একাদশ সংসদের শেষ অধিবেশনে বাংলাদেশ শ্রম আইনের বেশ কয়েকটি ধারায় সংশোধন এনে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৩’ উত্থাপন করা হয়। পরে মাত্র তিন দিনের সময় দিয়ে সংসদে রিপোর্ট উপস্থাপনের জন্য বিলটি সংসদীয় কমিটিতে পাঠনো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ২ নভেম্বর বিলটি সংসদে পাস হয়।

তবে আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিকদের সংগঠন করার অধিকারসহ বেশ কিছু বিষয় সংশোধন করার সুরাপিশ করে আসছে। বিষয়টি নিয়ে এর আগেও আইএলওর সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক হয়েছে।    

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে আবার এ বিষয়ে আলোচনা শুরু হবে জানান আইনমন্ত্রী। 

আলোচনা কতটা সন্তোষজনক হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “কিছু কিছু জায়গায় নিশ্চয় সন্তোষজনক। খুবই বিস্তারিত আলোচনা হয়েছে।”