২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

ঢাকা-টরন্টো পথে ফ্লাইট বাড়াচ্ছে বিমান

৩১ অক্টোবর থেকে এই রুটে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 04:02 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

ঢাকা থেকে কানাডার টরন্টোতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

৩১ অক্টোবর থেকে বাড়তি ফ্লাইট চালু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা।

বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো-ঢাকা রুটে আগামী ৩১ অক্টোবর (শীতকালীন সূচি) থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে।”

অর্থাৎ, ৩১ অক্টোবর থেকে এই রুটে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে।

বর্তমানে মঙ্গল ও শনিবার বিমানের ১টি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য ফ্লাইটের টিকেট উন্মুক্ত করা হয়েছে। 

সেই সঙ্গে ৩১ অক্টোবরের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সেলস সেন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন। 

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।      

২০২২ সালের ২৬ মার্চ ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান।

এরপর একই বছরের ২৬ জুলাই টরন্টো রুটে বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হয়।