২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে গ্রামীণফোন

প্রতিবছর ৯ ডিসেম্বর বিশ্বজুড়ে এ দিবস উদযাপন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 01:18 AM

Updated : 10 Sep 2026, 12:26 PM

সুশাসন, স্বচ্ছতা ও নৈতিক ব্যবসায়িক চর্চার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে গ্রামীণফোন।

জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। প্রতিবছর ৯ ডিসেম্বর বিশ্বজুড়ে এ দিবস উদযাপন করা হয়।

এর উদ্দেশ্য হচ্ছে ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা।

এবার দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। 

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কোম্পানিটি বিশ্বাস করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবলই আইনি বাধ্যবাধকতার বিষয় নয়, বরং টেকসই ব্যবসায়িক অগ্রগতির অন্যতম ভিত্তি।   

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি প্রভাব ফেলছে যা ব্যবসার ধারাবাহিকতা, মুনাফা ও কার্যকর সামাজিক অবদানের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য অর্জন এবং অংশীজনদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে দুর্নীতি প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।

‘‘সঠিক প্রশ্ন করা এবং সমস্যাগুলোর মুখোমুখি হয়ে সমাধানের মধ্য দিয়ে শুরু হয় নৈতিক নেতৃত্বের চর্চা। প্রত্যেক স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে দুর্নীতিকে ‘না’ বলা একটি স্বভাবজাত বিষয়ে পরিণত হবে।’’

গ্রামীণফোনের হেড অব এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স স্টেফানোস গুলব্রার অরেস্টিস বলেন, “নৈতিকতার চর্চা রয়েছে এমন কোম্পানিগুলো শুধু আর্থিক সাফল্য অর্জন করে তা নয়, বরং অন্যদের সততা বজায় রাখার একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। একটি সফল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মানে দুর্নীতি-বিরোধী প্রতিশ্রুতির সাথে কোন আপস না করা।’’