‘ক্রেতা সংকট’ সবজি বাজারে
“ট্রেন-বাসে যে মানুষ গেল, মনে হইল ঈদের ছুটি; তাই ধইরা নিছি মাল টানব কম,” বলেন এক ব্যবসায়ী।
নির্বাচনের দু-তিন দিন কাঁচাবাজারে বেচাকেনায় যে মন্দা যাবে, সেই অনুমান ছিল লোকমান হোসেনের।
সে কারণে দোকানে সবজি তুলেছেন কম। ভোটের প্রভাব কাটলে সবজি বাড়ানোর পরিকল্পনা মহাখালী কাঁচাবাজারের এ বিক্রেতার।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লোকমান বলেন, ‘‘ইলেকশন ঘিরে তো গ্যাঞ্জাম হয়, তাই বাজারে কম আইতে পারে মানুষ। সেইডা ভাইবা মাল (সবজি) কম উঠাইছি। গ্যাঞ্জাম হইলে কেডা আইব বাজারে?”
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেচাকেনা বেশি হলেও এ সপ্তাহে রাজধানীর কয়েকটি কাঁচাবাজারে সেই চিত্র দেখা যায়নি।
আগের দিন বৃহস্পতিবার হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে থেকেই ঈদযাত্রার মত কর্মস্থল ঢাকা ছেড়েছে মানুষ। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।
ভোট ঘিরে মানুষের গ্রামে ফেরার খবরে দোকানে সবজি কম উঠানোর কথা বলছেন যাত্রাবাড়ী ও সেগুনবাগিচার অনেক ব্যবসায়ী। যাত্রাবাড়ীর আড়তদাররাও বলছেন একই কথা। রোববার পর্যন্ত প্রয়োজনমাফিক সবজি দোকানে রেখেছেন তারা।
যাত্রাবাড়ী আড়তের বিসমিল্লাহ ট্রেডার্সের পরিচালক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ট্রেন-বাসে যে মানুষ গেল, মনে হইল ঈদের ছুটি। তাই ধইরা নিছি, মাল টানব কম। রোববার থাইক্কা বিক্রি-বাট্টা বাড়ব মনে হয়।”
কাঁচাবাজারে ক্রেতা কমলেও গত সপ্তাহের তুলনায় দামে হেরফের নেই। শুক্রবার ঢাকার বিভিন্ন বাজারে ফুল কপি, সিম, গোল ও লম্বা বেগুন, আলু, শসা, পেঁপে, পেঁয়াজ, মরিচ, মুলা, করল্লা ও মটরশুঁটি বিক্রি হতে দেখে আগের দরে।
সেগুনবাগিচার বিক্রেতা সেলিম উদ্দিন বলেন, “আইজ বেচকেনা কম। শুক্কুরবার সবচেয়ে বেশি বিক্রি হয় সালাত আইটেম। কেউ সবজি না নিলেও এটা নিবে। আগেই ধরে নিছিলাম বিক্রি কম হইব, তাই উঠাইছিও কম।”
গত শুক্রবারের দরে শিম ৬০ টাকা, গোলবেগুন (বড় সাইজ) ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা দরে বিক্রি করছেন সেলিম।
প্রতি কেজি পেঁপে ৩০ টাকায় বিক্রির তথ্য দিয়ে যাত্রাবাড়ী কাঁচাবাজারের বিক্রেতা হোসেন মিয়া বলেন, “দেশি পেঁয়াজ ৪০ টাকা ও বাঁধা কপি এক পিস ৪০ টাকা বিক্রি করছি।”
মহাখালী কাঁচাবাজারে আগের দরে শালগম প্রতি কেজি ৫০ টাকা ও মুলা ৩০ টাকা করে বিক্রির তথ্য দিয়ে বিক্রেতা লোকমান হোসেন বলেন, মটরশুঁটি এক কেজির দাম ১০০ থেকে ১১০ টাকা।
যাত্রাবাড়ীতে দেশি টমেটো আগের দরে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিচি ছাড়া শিম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি দরে। প্রতি কেজি আলু ২৫ টাকা, শসা ৬০ টাকা ও কাঁচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আমদানি করা পেঁয়াজ মহাখালীতে ৫০ টাকা কেজি ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।
ফুলকপি প্রতিটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬০ টাকায়।
শুক্রবার ব্রয়লার বিক্রি হতে দেখা গেছে প্রতি কেজি ১৯০ টাকা। সোনালি মুরগি ২৯০ টাকা-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
যাত্রাবাড়ীর বিক্রেতা জুলহাস উদ্দিন বলেন, “মানুষ চাইলে তো দাম বাড়বে। বিক্রিও কম দামও বাড়েনি।”
সেগুনবাগিচা ও মহাখালীতে আগের দরে রুই ও নলা মাছ ২৫০ টাকা, পাবদা ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মহাখালীতে চাষের তেলাপিয়া ছোট আকৃতির ১৩০ টাকা, বড় আকৃতির ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শিং মাছ প্রতি কেজি ৪০০ টাকা শুরু করে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মহাখালীতে। কই মাছ বিক্রি হতে দেখা গেছে ৪০০ টাকা কেজি দরে।
টিসিবির বাজারদরের তথ্য বলছে, ঢাকা মহানগরীতে রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা কেজিতে। পেঁয়াজ ৪০ থেকে ৬০ টাকা কেজি এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৯ টাকা দরে।
