বাংলাদেশে ‘মাংস ও গবাদিপশুতে যৌথ বিনিয়োগে আগ্রহী ব্রাজিল’
“বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠানোর কথা বলেন ব্রাজিলের রাষ্ট্রদূত,” বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারে গবাদিপশু পালন এবং মাংস প্রক্রিয়াজাতকরণে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এই আগ্রহের কথা জানান বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ফার্নান্দো দিয়াস ফেরেস দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি উদীয়মান আঞ্চলিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “নতুন বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে ব্রাজিল থেকে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।”
মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের তরফে ব্রাজিলের আধুনিক প্রাণিসম্পদ ও খামার ব্যবস্থাপনার প্রযুক্তি হস্তান্তর এবং সংশ্লিষ্ট বিনিয়োগকে স্বাগত জানানো হয়। একইসঙ্গে তুলে ধরা হয় দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "উভয়পক্ষই গবাদিপশু খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা স্বীকার করেছে।"
রাষ্ট্রদূত ফেরেস দুই দেশের মধ্যে গরু ও মুরগির মাংসের ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেন। খাদ্য ও কৃষিপণ্যের মান নিশ্চিতকরণে ‘স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি’ সনদের বিষয়েও তিনি আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
