চালের কোনো সংকট এখন নেই: খাদ্যমন্ত্রী
ওএমএসের ডিলার ও ট্রাক থেকে ৩০ টাকা দরে দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১৮ টাকা দরে ২ কেজি করে আটা কেনা যাবে।
আগের তুলনায় দ্বিগুণ যোগান নিয়ে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের চাল-আটা বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার আজিমপুরে ছাপড়া মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বাধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের কোনো সংকট এখন নেই।
“প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তাকালেই দেখা যায় প্রচুর পরিমাণ চাল রয়েছে। চালে কেউ অস্বাভাবিক মুনাফা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কঠোর মনিটরিং করা হচ্ছে।”
টিসিবির বাজার জরিপে দেখা যায়, বর্তমানে বাজারে মোটা চালের দাম প্রতি কেজি ৫৫ টাকা থেকে ৬০ টাকার মধ্যে। আর সরু চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকা থেকে ৮০ টাকায়। আটার কেজিও ৫০ টাকার ওপরে।
বাজারে বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেটের যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “সিন্ডিকেট ভাঙা সম্ভব না। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।”
খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের আওতায় প্রতি মাসে ৩ লাখ মেট্রিক টন চাল দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় বিশ লাখ টন খাদ্য শস্য মজুত আছে। ভবিষ্যতে আরও গম এবং চাল আমদানি করা হবে।
দেশের পর্যাপ্ত চাল মজুত থাকার পরও কেন আমদানি করা হচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, “প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে, চাষিরা আম আনারসসহ বিভিন্ন ফসলের দিকে ঝুঁকে যাচ্ছে। এই কারণে ভবিষ্যৎ পরিকল্পনায় চাল এবং গম আমদানি করা হচ্ছে।”
খাদ্যমন্ত্রী বলেন, “সরু চাল যাতে অবাধ আমদানি হয়, সেজন্য সরকার ট্যাক্স কমিয়েছে। আশা করা যাচ্ছে, অচিরেই বিপুল পরিমাণ চাল আমদানি হবে। আজ (বৃহস্পতিবার) ওএমএসের মাধ্যমে জনপ্রতি ৫ কেজি চাল ও ২ কেজি আটা বিক্রি করা হচ্ছে।
“দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি ধরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। টিসিবির মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল দেওয়ার পাশাপাশি ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল কিনতে পারবেন কার্ডধারীরা। আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাস খাদ্য বান্ধব কর্মসূচিতে চাল বিতরণ করা হবে।”
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান ও খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
· খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওএমসের ডিলার ও ট্রাক থেকে যে কেউ দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। ১৮ টাকা দরে কেনা যাবে ২ কেজি করে আটা।
· টিসিবির কার্ডধারীরাও এই সুবিধা পাবেন। ফ্যামিলি কার্ডধারীরা ওএমএসের ট্রাক ও ডিলারের দোকানের লাইনে অগ্রাধিকার পাবেন। তাদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা থাকবে।
· একজন ফ্যামিলি কার্ডধারী ১৫ দিন পরপর ৫ কেজি করে চাল কিনতে পারবেন। নিয়মিত লাইন থেকেও সাধারণ ক্রেতাদের মতো চাল সংগ্রহ করতে পারবেন।
· এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিতে তালিকাভুক্ত ৫০ লাখেরও বেশি পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে একবার ৩০ কেজি চাল কিনতে পারবে।
ওএমএস কার্যক্রম
প্রতি মাসে সর্বোচ্চ ২২ দিন ওএমএসের ট্রাক বা দোকানে চাল বিক্রি করা হবে। সারা দেশে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্রের মধ্যে চাল বিতরণ করা হবে ১৯৬০টি কেন্দ্র থেকে; আটা বিতরণ করা হবে ৪০৩টি কেন্দ্র থেকে।
আগে একজন ডিলার চালের বরাদ্দ যেখানে এক লাখ টন পেতেন, এখন সেখানে ২ লাখ টন করা হয়েছে। ঢাকা মহানগর ও বিভাগীয় শহরে ৪০৩টি কেন্দ্রে দৈনিক ৫০০ কেজি আটার বরাদ্দ রয়েছে। সারা দেশে দিনে আটা বিতরণ করা হবে ২০১ দশমিক ৫০ টন।
ঢাকায় ৫০টি ট্রাকসেল থাকবে। প্রতিটিতে বরাদ্দ সাড়ে তিন লাখ টন করে। ঢাকার আরও ১৪৭টি দোকানে চাল বিক্রি করা হবে, সেগুলোতে দৈনিক বরাদ্দ ২ টন চাল।
এ ছাড়া মহানগর ও শ্রমঘন এলাকায় ৯৯টি ট্রাকের প্রতিটিতে ২ লাখ টন চাল বরাদ্দ রেখে বিতরণ করা হবে। মোট ২৩৬৩টি কেন্দ্রে দৈনিক বরাদ্দ ৪৮০১ টন খাদ্য।
